বিমানবন্দরে বৌদ্ধ ভিক্ষুদের ব্যাগ থেকে পাওয়া গেল ১১০ কেজি মাদক দ্রব্য। শ্রীলঙ্কার একটি বিমানবন্দরে শুল্ক কর্তাদের হাতে ধরা পড়েন ২২ জন বৌদ্ধ সন্ন্যাসী। গাঁজা উদ্ধার করার পর তাঁদের গ্রেফতার করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তাইল্যান্ডে চার দিনের সফর শেষ করে ভিক্ষুকের দল রাজধানী কলম্বোয় পৌঁছোলে শনিবার তাদের গ্রেপ্তার করা হয়। স্যুটকেসের ভেতরে তৈরি ‘নকল দেওয়ালের’ আড়ালে গাঁজা পাচার করছিলেন তাঁরা বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, ভিক্ষুদের মধ্যে অনেকেই শ্রীলঙ্কার বিভিন্ন বৌদ্ধ মঠের ছাত্র ছিলেন। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পৃষ্ঠপোষকতায় তাঁরা তাইল্যান্ডে ভ্রমণে গিয়েছিলেন। এই ভ্রমণটি যিনি আয়োজন করেছিলেন তিনিও এক ভিক্ষু। তাঁকে পরে কলম্বোর একটি ছোট শহর থেকে গ্রেফতার করা হয়েছে। স্যুটকেসের ভিতরে স্কুলের সরঞ্জাম ও মিষ্টির মধ্যে মাদকগুলি লুকোনো ছিল। পুলিশের কাছে জেরায় ভিক্ষুরা জানিয়েছেন স্যুটকেসের ভিতরে যে প্যাকেটগুলি ছিল সেগুলিকে অনুদান বলে জানতেন তাঁরা। আয়োজক ভিক্ষু তাঁদের জানিয়েছিলেন বিমানবন্দরে নামার পর একটি গাড়ি এসে প্যাকেটগুলি সংগ্রহ করে নেবে।
রবিবার ২২ জন সন্ন্যাসীকে আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের সাত দিনের রিমান্ডে পাঠানো হয়। ওই ব্যক্তিরা তাঁদের সঙ্গে থাকা পার্সেলের ভিতরে কী আছে তা জানতেন কি না সে বিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে পুলিশ সন্দেহ করছে যে স্যুটকেসের গোপন কুঠুরির ভিতরে কী ছিল সে সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না ভিক্ষুরা। কোনও বড়সড় মাদক চোরাচালান চক্রের সঙ্গে এই ঘটনার যোগসূত্র আছে কি না তা-ও খতিয়ে দেখছে শ্রীলঙ্কা পুলিশ।