ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সাফল্য জীবনে প্রায় কখনওই সহজ পথে আসে না। এর জন্য প্রয়োজন হয় বহু পরিশ্রম, অধ্যবসায় এবং সর্বোপরি ধৈর্য। বহু বার ব্যর্থ হওয়ার পরেও যাঁরা হার মানেন না, মনের জোর নিয়ে এগিয়ে যান, শেষ হাসি হাসেন তাঁরাই। এমনই একটি ঘটনা সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে বাহবা জানিয়েছে নেটপাড়া।
‘ডেটাটকস_অরিত্র’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যদিও সেই ভিডিয়ো সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সেই ভিডিয়োয় নিজের কর্মজীবনের যাত্রার কাহিনি ভাগ করে নিয়েছেন এক তরুণ। তিনি পেশায় তথ্য প্রযুক্তিবিদ। তিনি জানিয়েছেন, তাঁর স্বপ্ন ছিল অ্যামাজ়নে চাকরি করা। তবে সে স্বপ্ন তাঁর কাছে সহজে ধরা দেয়নি। গত পাঁচ বছরে সাত থেকে আট বার প্রত্যাখ্যাত হয়েছেন তিনি।
ওই তরুণের কথায়, তা সত্ত্বেও তিনি হাল ছেড়ে দেননি, বরং নিজেকে আরও বেশি করে ঘষেমেজে তুলেছেন। অবশেষে আকাঙ্ক্ষা পূরণ হয়েছে তাঁর। কর্মজীবনে বাধার সম্মুখীন হওয়া মানুষদের উৎসাহও জুগিয়েছেন তিনি। তাঁর মতে, সকলের পরামর্শ শুনে, তাঁদের থেকে শিক্ষা নিয়ে অবশেষে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেরই নেওয়া উচিত। আত্মবিশ্বাস বজায় রেখে নিজের দক্ষতা বাড়ানোর কথা বলেছেন ওই তথ্য প্রযুক্তিবিদ। পাশাপাশি, কারও ‘রেফারেন্স’ পাওয়ার আশা না করাই ভাল বলে জানিয়েছেন তিনি।
ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বহু নেটাগরিকের মনোযোগ আকর্ষণ করেছে। অনেকেই এতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। প্রায় সকলেই তাঁর সঙ্গে সহমত হয়েছেন য়ে পরিশ্রমের কোনও বিকল্প নেই। কেউ কেউ অবশ্য ভাগ্যের কথাও বলেছেন।