ছবি: এক্স থেকে নেওয়া।
স্বামী এবং দুই কন্যাকে ছেড়ে পালিয়েছিলেন। তিন বছর পর বধূকে অন্য পুরুষের সঙ্গে হাতেনাতে ধরলেন তাঁর স্বামী। ঝামেলাও করলেন। একই সঙ্গে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর একাধিক তথ্য। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ঘরের মধ্যে বসেছিলেন এক যুবক এবং এক তরুণী। এমন সময় সেখানে সদলবলে পৌঁছে যান অন্য এক যুবক। তরুণীকে স্ত্রী বলে দাবি করেন তিনি। প্রথম যুবককে স্ত্রীর প্রেমিক বলেও দাবি করেন। জানান, তিন বছর আগে তাঁকে এবং দুই কন্যাকে ছেড়ে পালিয়ে যান ওই বধূ। তার পর থেকে প্রেমিকের সঙ্গে থাকছিলেন। স্ত্রীকে দেখে চিৎকার করে তাঁর স্বামী বলেন, ‘‘ছোট মেয়েদের ছেড়ে পালিয়ে যেতে লজ্জা করেনি তোমার? এখন যার সঙ্গে থাকছ, সে-ও তোমার থেকে সন্তানই চায়।’’ প্রথমে বধূ এবং তাঁর প্রেমিক চুপচাপ সব শুনছিলেন। এর পর আরও চোটপাট করতে মুখ খোলেন বধূ। দাবি করেন, যে কন্যাদের স্বামী নিজের সন্তান মনে করছেন, তারা আদতে তাঁর সন্তান নয়। তিনি এ-ও অভিযোগ তোলেন, শ্বশুর তাঁর উপর অত্যাচার করতেন। শ্বশুরের ঔরসেই দুই কন্যার জন্ম দিয়েছেন তিনি। এই শুনে দু’পক্ষের বাগ্বিতণ্ডা আরও বেড়ে যায়। তবে চুপ করেই ছিলেন বধূর প্রেমিক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিরক্তি প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘নিজেদের সম্পর্কের কেচ্ছার বিষয় সমাজমাধ্যমে এসে না দেখালেই নয়? দিন দিন সমাজমাধ্যম এই সব ভিডিয়োয় ভরে উঠছে।”