ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়ে সাইকেল চালিয়ে জ়েব্রা ক্রসিং পার করছিলেন এক প্রৌঢ় চালক। বিপরীত দিক থেকে গাড়ি চালিয়ে সেই ক্রসিংয়ের দিকেই এগোচ্ছিলেন এক বৃদ্ধ। গাড়ির গতি অনুমান করে ক্রসিং পার করছিলেন সাইকেলচালক। কিন্তু জ়েব্রা ক্রসিংয়ের সামনাসামনি আসতে গাড়ির গতি বাড়িয়ে দিলেন বৃদ্ধ। গাড়ির আচমকা ধাক্কায় সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলেন প্রৌঢ়। সাইকেলও উড়ে গিয়ে অনেকটা দূরে আছড়ে পড়ল। অচেতন অবস্থায় উদ্ধার করে সেই প্রৌঢ় সাইকেলচালককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জ়েব্রা ক্রসিং পার করতে গিয়ে গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে যান এক সাইকেলচালক। তাঁর সাইকেলটিও দূরে গিয়ে পড়ে। স্থানীয় সময় অনুযায়ী, এই ঘটনাটি গত রবিবার সকাল ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুরের হৌগাং অ্যাভিনিউ রোডে ঘটেছে। পুলিশ সূত্রে খবর, হালকা বৃষ্টি মাথায় নিয়ে ৫১ বছর বয়সি এক প্রৌঢ় সাইকেল চালিয়ে সেখানকার জ়েব্রা ক্রসিং পার করছিলেন।
দূর থেকে একটি গাড়ি সে দিকেই আসছিল। কিন্তু গাড়িটি এতটাই
দূরে ছিল যে, ওই সময় ক্রসিং পার করে ফেলতে পারতেন সাইকেলচালক। গাড়ির গতি অনুমান
করেই সাইকেল চালাচ্ছিলেন তিনি। কিন্তু জ়েব্রা ক্রসিংয়ের কাছাকাছি আসতেই হঠাৎ
গাড়ির গতি বাড়িয়ে ফেলেন ৬০ বছর বয়সি চালক। তার ফলে সোজা সাইকেলে গিয়ে ধাক্কা
মারে গাড়িটি। অচেতন অবস্থায় উদ্ধার করে সাইকেলচালককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে
যাওয়া হয়। সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে তদন্ত চালিয়ে যাচ্ছে সিঙ্গাপুর পুলিশ।