ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বাড়িতে রান্নার কোনও ব্যবস্থা নেই। চা বানানোর জন্য চা-পাতা, দুধ, চিনি সবই রয়েছে। কিন্তু উপযুক্ত বাসনকোসনও নেই। অগত্যা অন্য উপায় খুঁজতে হল তরুণকে। ইস্ত্রি গরম করে তার উপরে বাটি বসিয়ে চা-পাতা, দুধ, চিনি ঢেলে দুধ চা তৈরি করে ফেললেন তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় চা বানানোর এমন ভিডিয়ো (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) ছড়িয়ে পড়তেই সন্দেহের বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়।
‘ম্যাক্সিমাম_মন্থন’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ গরম ইস্ত্রির উপর ছোট পাত্র বসিয়ে দুধ চা বানাচ্ছেন। একটি পাত্রের উপর ইস্ত্রি বসিয়ে তা গরম করছিলেন তরুণ। ইস্ত্রিটি গরম হতেই তার উপর অন্য একটি পাত্র বসিয়ে সেখানেই চা-পাতা, দুধ, চিনি ঢেলে গরম গরম দুধ চা বানিয়ে ফেললেন তিনি। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে যাওয়ায় তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন নেটপাড়ার অধিকাংশ।
এক নেটাগরিক লিখেছেন, ‘‘তরুণ কি সব সময় বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে খান? চা বানানোর জন্য ন্যূনতম জিনিসের প্রয়োজন হয়। তরুণের বাড়িতে যদি তা-ও না থাকে, তা হলে বাইরে বেরিয়ে চা খেয়ে নিন।’’ আবার এক জনের কথায়, ‘‘ভিডিয়োটি পুরোপুরি লোক ঠকানোর জন্য বানানো হয়েছে। একাধিক বার কাঁচি চালানো হয়েছে। তরুণ যে আদতেও ইস্ত্রি গরম করে চা বানিয়েছেন, তা প্রমাণ করা যাবে না। গরম ইস্ত্রির উপর পাত্র বসালে কি সেটা পুড়ে যেত না?’’