ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
গভীর রাত। পুরো পাড়া ঘুমে কাদা। বাড়ির সদর দরজা খোলা রয়েছে। সিঁড়ির তলায় আবার একটি মোটরবাইক রাখা। এমন সুবর্ণসুযোগ আর ছাড়তে চাইল না তিন জন চোর। খুব সন্তর্পণে পা টিপে টিপে বাড়ির ভিতর ঢুকছিল তারা। কিন্তু চুরি করার আগেই নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনল চোরেরা। সিঁড়িঘরের আলো জ্বালাতে গিয়ে ভুল করে বাড়ির কলিং বেল বাজিয়ে ফেলল তারা। চুরি করা মাথায় উঠল তাদের। সঙ্গে সঙ্গে ‘লেজ গুটিয়ে’ সেখান থেকে দৌড় দিল তিন চোর। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গভীর রাতে বাড়়ির ভিতর চুপি চুপি ঢুকছে তিন জন চোর। প্রথম চোর ভিতরে ঢোকার মুহূর্তে তার পিছন পিছন আসা আর এক চোর দেওয়ালের দিকে হাত বাড়িয়ে একটি সুইচ চালু করে। সেই চোর ভেবেছিল, সুইচ চালু করলেই সিঁড়িঘরে আলো জ্বলে উঠবে।
কিন্তু তা তো আলো জ্বালানোর সুইচ ছিল না। ভুল ভেবে কলিং বেল বাজিয়ে দিয়েছে চোরটি। কলিং বেলের আওয়াজ শুনতে পেয়ে নিজেরাই সেখান থেকে দৌড়ে পালাল। কারও নজরে পড়ার আগেই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দরজার সামনে আটকানো সিসিটিভি ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়েছে। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভিডিয়োটি কিন্তু বেশ মজার! ধরা পড়ে যাওয়ার ভয়ে কী রকম পড়িমড়ি করে ছুট দিল তিন জন!’’