প্রকাশ্যে লড়াই দুই বধূর। ছবি: এক্স থেকে নেওয়া।
একে অপরকে ধরে, মাটিতে ফেলে ‘কুস্তি’ করছিলেন গ্রামের দুই মহিলা। মারধর করছিলেন একে অপরকে। রণে ভঙ্গ দিলেন গ্রামবাসীরা। দুই বধূর লড়াই থামাতে ব্যবহার করলেন ‘নিনজা টেকনিক’। মজার সে রকমই একটি ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি গ্রামের রাস্তার মাঝে ধুন্ধুমার লড়াই চলছে দুই বধূর মধ্যে। মাথায় ঘোমটা টেনেই একে অপরের সঙ্গে মারমারি করছেন তাঁরা। একে অপরের গলা চেপে ধরে লাথি-ঘুষিও চালাচ্ছেন। গ্রামবাসীদের অনেকেই তাঁদের থামানোর চেষ্টা করছেন। কিন্তু মারপিটের রেশ এমনই যে কেউ কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। এমন সময় একে অন্যকে ধরে মাটিতে পড়ে যান দুই বধূ। তবে মাটিতে পড়েও লড়াই চালিয়ে যান তাঁরা। সেই সুযোগেরই সদ্ব্যবহার করেন গ্রামবাসীরা। গ্রাম্য মেঠো রাস্তা থেকে ধুলো-বালি নিয়ে ‘যুদ্ধরত’ দুই বধূর গায়ে দিতে থাকেন। ধুলোময় হয়ে যায় পুরো এলাকা। সঙ্গে সঙ্গে রণে ভঙ্গ দেন দুই বধূ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘হাসনাজ়রুরিহ্যায়’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘যুদ্ধ থামানোর নিনজা টেকনিক। শিখে রাখলাম।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘বিবাদ মেটানোর অজুহাতে গ্রামবাসীরা হয়তো গায়ের ঝাল মিটিয়ে নিচ্ছে।’’ তৃতীয় এক নেটাগরিক আবার মন্তব্য করেছেন, ‘‘দুই বধূর মধ্যে ডব্লিউডব্লিউই। তবে ঘোমটা টানা বধূদের মারামারি দেখার মজাই আলাদা।’’