ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
পালকি নিয়ে ধর্মীয় শোভাযাত্রা করতে বেরিয়েছিলেন পুণ্যার্থীরা। সরু ফুটব্রিজ পার হতে গিয়েই ঘটল দুর্ঘটনা। হুড়মুড় করে ভেঙে পড়ল ফুটব্রিজটি। পালকি নিয়ে পুণ্যার্থীরা সকলেই নীচে পড়ে গেলেন। এই ঘটনায় আহত হয়েছেন আট জন ব্যক্তি। আহত অবস্থায় উদ্ধার করে সঙ্গে সঙ্গে সকলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এই দুর্ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘নিউজ়ফ্লিক্স২৪৭’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, পুণ্যার্থীর দল ধর্মীয় শোভাযাত্রা করতে বেরিয়েছিলেন। সরু ফুটব্রিজে এক এক জন করে পর পর দাঁড়িয়ে সারি বেঁধে পার হচ্ছিলেন। প্রথমে কয়েক জন ফুটব্রিজ পেরিয়ে গেলেন।
কিন্তু পিছনে যাঁরা পালকি নিয়ে আসছিলেন, তাঁরা ফুটব্রিজের মাঝামাঝি আসতেই তাসের ঘরের মতো হুড়মুড় করে ফুটব্রিজটি ভেঙে গেল। পালকি-সহ পুণ্যার্থীরা নীচে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে স্থানীয়েরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, এই ঘটনাটি সম্প্রতি কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার মুদবিদ্রি এলাকায় ঘটেছে। আট জন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সকলেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ফুটব্রিজটি হঠাৎ কেন ভেঙে পড়ল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।