মায়ের হাতে লাঠি তুলে দিচ্ছে খুদে। ছবি: এক্স থেকে নেওয়া।
স্বামী-স্ত্রীর মধ্যে মতানৈক্য। ঝগড়া করছিলেন তাঁরা। সামনেই দাঁড়িয়ে দেখছিল খুদে পুত্র। সুযোগ বুঝে মায়ের হাতে লাঠি গুঁজে দিয়ে এল সে। ভাবখানা এমন, যেন লাঠি দিয়ে মারতে বলছে বাবাকে। আর পুত্রের এই কাণ্ড দেখে হেসেই খুন হলেন দম্পতি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির ডাইনিং হলে দাঁড়িয়ে ঝগড়া করছিলেন স্বামী-স্ত্রী। দম্পতিকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, কোনও একটি বিষয়ে মতানৈক্য হওয়ায় বিবাদ শুরু হয়েছে তাঁদের মধ্যে। সামনেই দাঁড়িয়ে বাবা-মায়ের সেই ঝগড়া দেখছিল তাঁদের ছোট্ট সন্তান। বাবা-মায়ের ঝামেলা যখন তুঙ্গে তখন একটি লাঠি নিয়ে সেখানে আসে সে। লাঠিটি গুঁজে দেয় মায়ের হাতে। খুদের সেই কাণ্ড দেখে হেসে ফেলেন তার মা। তার পর সামলে নিয়ে পুত্রকে ধমক দিয়ে সেখান থেকে চলে যেতে বলেন। বালকটি সেখান থেকে চলে যাওয়ার পরেই ছেলের কাণ্ডের জন্য জোরে জোরে হাসতে থাকেন দম্পতি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘মজার ভিডিয়ো। শিশুটি মায়ের হাতে বাবাকে মার খাওয়াতে চায়।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘সাবধান। শিশুদের সামনে এ ভাবে ঝামেলা করবেন না। শিশুমনে প্রভাব পড়তে পারে।’’