Viral Video

রেললাইনে পা আটকে ছটফট করছিল কুকুর, এগিয়ে আসছিল ট্রেন! প্রাণ বাজি রেখে বাঁচালেন শ্রমিকের দল, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রেললাইনের ফাঁকে পা আটকে গিয়েছে একটি পথকুকুরের। ছটফট করছে সে। নিজেকে মুক্ত করার চেষ্টা করছে। এমন সময় একটি ট্রেনকে ওই বরাবর এগিয়ে আসতে দেখা যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৩:৫২
Share:

পথকুকুরকে বাঁচাতে মরিয়া শ্রমিকেরা। ছবি: এক্স থেকে নেওয়া।

রেললাইনের ফাঁকে পা আটকে গিয়েছিল পথকুকুরের। সামনে থেকে এগিয়ে আসছিল ট্রেন। দেখতে পেয়েই ছুটে গেলেন রেললাইনে কর্মরত কয়েক জন শ্রমিক। জানপ্রাণ লড়িয়ে উদ্ধার করলেন কুকুরটিকে। রুদ্ধশ্বাস সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রেললাইনের ফাঁকে পা আটকে গিয়েছে একটি পথকুকুরের। ছটফট করছে সে। নিজেকে মুক্ত করার চেষ্টা করছে। এমন সময় একটি ট্রেনকে ওই বরাবর এগিয়ে আসতে দেখা যায়। কুকুরের চিৎকার শুনে ছুটে আসেন রেললাইনেই কর্মরত কয়েক জন শ্রমিক। কুকুরটিকে উদ্ধার করার জন্য মরিয়া হয়ে ওঠেন তাঁরা। পা ধরে টেনেও লাভ না হওয়ায় একটি শাবল নিয়ে দু’টি পাতের মাঝে জোর করে চাপ দেওয়ার চেষ্টা করেন এক জন। তাতেও বিশেষ লাভ হয়নি। অন্য দিকে, ট্রেনটি আরও এগিয়ে আসতে থাকে। আরও তৎপর হয়ে ওঠেন ওই কর্মীরা। এর পর এক জন শাবল নিয়ে জোরে চাপ দেন রেললাইনের দু’টি পাতের মাঝে। দু’টি পাতের মধ্যে ব্যবধান বৃদ্ধি পাওয়ায় নিজেকে মুক্ত করতে সক্ষম হয় কুকুরটি। লাফ দিয়ে বেরিয়ে আসে সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আফি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই পোস্ট। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে রেললাইনে কর্মরত ওই শ্রমিকদের মানবিকতা এবং উদারতার প্রশাংসা করেছেন নেটাগরিকেরা। বহু মানুষের মন জয় করে নিয়েছে ভিডিয়োটি। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘পশুদের থেকে মানুষকে যা আলাদা করে তা হল মানবতা। আর সেই মানবতাই দেখিয়েছেন ওই শ্রমিকেরা। ওদের কুর্নিশ।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘কুকুরটি এই উপকারের কথা কোনও দিন ভুলবে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement