viral video

বুলেটে চড়ে বিয়ে করতে এলেন তিন ফুটের বর, সাত পাকে বাঁধা পড়লেন তিন ফুটের কনের সঙ্গে! ভিডিয়ো প্রকাশ্যে

বরের নাম বিক্রম। তিনি কাইথাল জেলার চন্দনা গ্রামের বাসিন্দা। কনে প্রিয়ঙ্কা জিন্দ জেলার হাট গ্রামের বাসিন্দা। পাত্রের বয়স ২৬। পাত্রী ২৫ বছর বয়সি। দু’জনে উচ্চতা প্রায় একই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১২:১২
Share:

ছবি: সংগৃহীত।

বর-কনে দু’জনেরই উচ্চতা তিন ফুট। তাঁদের বিয়েতে বাধা হয়ে দাঁড়াতে পারেনি উচ্চতা। ধুমধাম করেই বিয়ে সারলেন তরুণ-তরুণী। হরিয়ানার কাইথালে সাত পাক ঘুরে গাঁটছড়া বাঁধলেন প্রায় তিন ফুট লম্বা বর ও কনে। কোটি টাকার জাঁকজমকের বিয়ে নয়, সাধারণ এই বিয়ের ভিডিয়োই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সবচেয়ে বেশি নজর কেড়েছে বিয়ের আসরে বরের প্রবেশ। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বরের নাম বিক্রম। তিনি কাইথাল জেলার চন্দনা গ্রামের বাসিন্দা। কনে প্রিয়ঙ্কা জিন্দ জেলার হাট গ্রামের বাসিন্দা। পাত্রের বয়স ২৬। পাত্রী ২৫ বছর বয়সি। দু’জনের উচ্চতা প্রায় একই। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, লাল লেহঙ্গা পরে বিয়ের আসরে উপস্থিত হয়েছেন প্রিয়ঙ্কা। পাশে বরবেশে পাগড়ি পরে বিক্রম। এই বিয়েটি দেখার জন্য গ্রামের লোকজন ভিড় জমান বিয়ের আসরে। পাত্র বিক্রম বুলেটে সওয়ার হয়ে শোভাযাত্রা নিয়ে মণ্ডপে প্রবেশ করেছিলেন। এই দৃশ্যই সবথেকে বেশি আকর্ষণ করেছেন নেটাগরিকদের। শোভাযাত্রা সহকারে বরযাত্রীরা আনন্দে নাচতে নাচতে কনের বাড়িতে উপস্থিত হন। বিয়ে আয়োজনে ও আনন্দে কোনও খামতি ছিল না। মালাবদলের সময় বর-কনে উভয়কেই কোলে তুলে নেন উপস্থিত অতিথিরা। বিয়ের আনন্দে বর-কনে উভয়েই নাচতে শুরু করেন। সবমিলিয়ে জমজমাট ছিল বিয়ের আসর।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘ছোটেনিজউজ়অ্যাপ’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা দেখে বহু মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘ঈশ্বরদু’জনকে চিরকাল সুখী রাখুন।’’ অন্য আর এক নেটাগরিক লিখেছেন, ‘‘এটাই সত্যিকারের ভালবাসা, যেখানে হৃদয়ের সংযোগ থাকে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement