Viral Video

মাত্র ২৯ শতাংশ বেতন পেয়ে এইচআর বিভাগে ঢুকে ক্ষোভে ফেটে পড়লেন তরুণ, তবু পেলেন না সদুত্তর! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বেতনের গরমিল নিয়ে সংস্থার এইচআর বা মানবসম্পদ বিভাগের আধিকারিকদের মুখোমুখি হয়েছেন এক কর্মী। ওই কর্মী দাবি করেন, তাঁকে মাসে ১৩,০০০ টাকা বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১২:৩৭
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

বেতন কেন এত কম দেওয়া হয়েছে? রেগে গিয়ে সটান সংস্থার মানবসম্পদ বিভাগে (এইচআর) পৌঁছোলেন কর্মী। এইচআরের মুখোমুখি হয়ে ক্ষোভে ফেটে পড়লেন। ঘটনাটি ঘটেছে দিল্লিতে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে। ঘটনাটি বেতন সংক্রান্ত স্বচ্ছতা, কর্মক্ষেত্রে জবাবদিহিতা এবং কর্মীদের অধিকার নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি দিল্লির মোতি নগরের ‘নির্বাসা টেলিকম প্রাইভেট লিমিটেড’-এ ঘটেছে বলে জানা গিয়েছে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বেতনের গরমিল নিয়ে সংস্থার এইচআর বা মানবসম্পদ বিভাগের আধিকারিকদের মুখোমুখি হয়েছেন এক কর্মী। ওই কর্মী দাবি করেন, তাঁকে মাসে ১৩,০০০ টাকা বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এক মাসেরও বেশি সময় কাজ করার পর তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাত্র ৩,৮০০ টাকা জমা পড়েছে। এর পর এইচআর কর্মীদের কাছে বেতনের গরমিল নিয়ে কৈফিয়ত চাইতে এবং বার বার প্রশ্ন করতে দেখা যায় ওই কর্মীকে। ঘটনাটির ভিডিয়ো রেকর্ডও করেন তিনি।

ভিডিয়ো রেকর্ড করার সময় তরুণ প্রশ্ন করেন, ‘‘আমার পুরো বেতন কেন আসেনি?’’ ভিডিয়োর শুরুতে তাঁকে সংস্থার এক মহিলা এইচআর কর্মীর দিকে ক্যামেরা ঘোরাতে দেখা যায়। ওই মহিলা এইচআর কর্মী ভিডিয়ো করার বিষয়ে আপত্তি জানান। এর পর তিনি ক্যামেরাটি অন্য এক কর্মীর দিকে ঘুরিয়ে জানতে চান যে, তিনি তাঁর পুরো বেতন পেয়েছেন কি না। তরুণ কর্মীর দাবি, এর আগে যখন তিনি এই বিষয়ে এইচআর কর্তাদের কাছে গিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, এখন আর কিছুই করা সম্ভব নয়। এর পর তরুণ কর্মী অন্য এক জন পুরুষ সহকর্মীর সঙ্গে কথা বলতে শুরু করেন। বেতন কেন কম পেয়েছেন তা নিয়ে বার বার প্রশ্ন করতে থাকেন তরুণ। ক্ষোভপ্রকাশও করেন। কিন্তু কোনও সদুত্তর তিনি পাননি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

Advertisement

ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে ‘হেট ডিটেক্টর’ নামে এক্স হ্যান্ডল থেকে। সমাজমাধ্যম ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে ভিডিয়োটি। বেতন সংক্রান্ত স্বচ্ছতা এবং কর্মীদের অভিযোগ নিষ্পত্তিতে সংস্থাগুলির ভূমিকা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। যেখানে নেটাগরিকদের একাংশ সংস্থার এইচআর কর্মীদের আচরণের সমালোচনা করেছেন, সেখানে অন্য একাংশ যুক্তি দিয়েছেন যে বেতন সংক্রান্ত বিষয়গুলির সঙ্গে একাধিক বিভাগ জড়িত থাকে এবং সেগুলি সব সময় তাৎক্ষণিক ভাবে সমাধান করা সম্ভব হয় না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement