প্রতীকী ছবি।
বিজেপির বিস্তারক অভিযানে গুলি-বোমা নিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের চোপড়ায় ওই ঘটনায় মৃত্যু হয়েছে এক বিজেপি কর্মীর। পুলিশ জানায়, চোপড়ার চাদরাগছ এলাকায় গুলিতে নিহত ওই ব্যক্তির নাম অরেন সিংহ (৪০)। গুলিবিদ্ধ হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন চোপড়ার সুইগছ এলাকার বাসিন্দা পঙ্কজ ঘোষ।
পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠৌরের দাবি, ‘‘তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হবে।’’ ঘটনার প্রতিবাদে এ দিন রাতেই জেলা জুড়ে থানা ঘেরাও ও অবরোধ শুরু করেছে বিজেপি। একটি পুলিশের গাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ি। আজ, রবিবার জেলায় ১২ ঘণ্টা বন্ধ ডেকেছে বিজেপি।
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ২১ জুলাইয়ের অনুষ্ঠান নিয়ে এ দিন বিকেলে চাদরাগছে কর্মিসভার আয়োজন করা হয়েছিল। সেখানে বিজেপি কর্মীরা গুলি চালায়। কিছুক্ষণ পরে বিজেপির জেলা সভাপতি নির্মল দামের নেতৃত্বে বিজেপির শতাধিক নেতা-কর্মী মোটরবাইক ও ছোটগাড়িতে চেপে বিস্তারক যোজনা অভিযান শুরু করেন। বিজেপির অভিযোগ, গুলি-বোমা নিয়ে তৃণমূল সেখানে হামলা করলে মৃত্যু হয় অরেন-এর। নির্মলবাবুর অভিযোগ, ‘‘তৃণমূলের গুলিতে প্রাণ হারিয়েছেন আমাদের কর্মী। জখম একাধিক জন।’’ যদিও উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অমল আচার্যের দাবি, ‘‘বিজেপি আমাদের কর্মিসভায় গুলি চালিয়েছে। ওদের মিছিলেও ওরাই গুলি চালায়।’’