—প্রতীকী চিত্র।
সুন্দরবনের জঙ্গলে বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর। রামপদ বর্মণ নামের বছর পঁয়তাল্লিশের ওই মৎস্যজীবী সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার চামটা জঙ্গল সংলগ্ন নদীখাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন আরও দুই মৎস্যজীবী রামপদ মণ্ডল এবং শশী মিস্ত্রী। আচমকা একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে রামপদ বর্মণের উপর ঝাঁপিয়ে পড়ে।
বাকি দুই মৎস্যজীবীর বয়ান অনুসারে, তাঁদের অগোচরেই রামপদকে গভীর জঙ্গলে টেনে নিয়ে গিয়েছিল বাঘটি। কিছু ক্ষণ পরে সঙ্গীকে খুঁজে না-পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন বাকি দু’জন। বাঘের পায়ের ছাপ অনুসরণ করে জঙ্গলের ভিতর খানিক খোঁজাখুঁজি করতেই রামপদের ক্ষতবিক্ষত দেহ দেখতে পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মৎস্যজীবীর বাড়ি সুন্দরবন কোস্টাল থানা এলাকার ছোট মোল্লাখালির ৯ নম্বর কালিদাসপুর গ্রামে। মঙ্গলবার রাতেই রামপদের দেহ উদ্ধার করে গ্রামে নিয়ে আসা হয়। পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যেরাও। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।