আঁকাবাঁকা রাস্তায় পদে পদে মৃত্যুর হাতছানি।
বাঁকের মুখ বুঝতে না পেরে অধিকাংশ সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে পড়ছে মাতলা নদীর কাছে মেছোভেড়িতে। সম্প্রতি ক্যানিঙের মাতলা সেতুর কাছে বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি গাড়ি মেছোভেড়িতে পড়ে।
বাসন্তী ও ক্যানিঙের সঙ্গে সংযোগ করতে মাতলা নদীর উপরে তৈরি হয়েছিল মাতলা সেতু। সেতুর সঙ্গে সংযোগ করতে বাসন্তী ও ক্যানিঙের পারে তৈরি হয়েছিল রাস্তা। সেতুর দু’পারের রাস্তায় রয়েছে বড় বড় বাঁক। অনেকটা ইংরেজি ‘ইউ’ আকৃতির মতো। বাঁকগুলি এতটাই বিপজ্জনক, প্রায়ই গাড়িগুলি বুঝতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে মাতলা নদীর পাড়ে গড়ে ওঠা মেছোভেড়িতে গিয়ে পড়ছে। যদিও মৃত্যুর কোনও ঘটনা ঘটেনি। স্থানীয় মানুষের অভিযোগ, বাঁকের মুখে কোনও হাম্প নেই। রাস্তার ধারে বাতিস্তম্ভ থাকলেও তা অধিকাংশ সময়ে জ্বলে না। রাস্তার পাশে গতি নিয়ন্ত্রণের জন্য কোনও নির্দেশিকা নেই। তা ছাড়া, যদি ওই বাঁকের কাছে দুর্ঘটনা এড়ানোর জন্য গার্ডওয়াল থাকত, তা হলেও হয় তো বিপদ কিছুটা এড়ানো যেত।
স্থানীয় বাসিন্দা ফারুক আহম্মেদ সর্দার বলেন, ‘‘মাতলা সেতুর সংযোগস্থলে বিপজ্জনক বাঁকের জন্য প্রায়ই ছোটখাট দুর্ঘটনা ঘটছে। অথচ, প্রশাসনের কোনও হেলদোল নেই। যে কোন দিন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।’’
এ বিষয়ে মহকুমাশাসক প্রদীপ আচার্য বলেন, ‘‘এটা ঠিক যে ওই জায়গায় বেশ কিছু বাঁক আছে। কয়েকটি দুর্ঘটনার খবরও পেয়েছি। বিষয়টি আমার নজরে আছে। কী ভাবে ওই সমস্যার সমাধান করা যায়, তা নিয়ে পূর্ত দফতরের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করব।’’