—প্রতিনিধিত্বমূলক ছবি।
স্বচ্ছ এবং অবাধ নির্বাচনের লক্ষ্যে নজরদারি জোরদার করেছে প্রশাসন। সেই মতো দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছে নাকা তল্লাশির শিবির। টহল দিচ্ছে অত্যাধুনিক পিটিজ়েড ক্যামেরা-সহ এসএসটি এবং এফএসটি দলের বিশেষ গাড়ি। তেমনই এক অভিযানে মোটা অঙ্কের টাকা বাজেয়াপ্ত করল প্রশাসন।
শুক্রবার দুপুরে জয়নগরের বকুলতলা থানার বুড়োরঘাট নাকা তল্লাশির সময় এক বাইক আরোহীকে আটকানো হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর তল্লাশি করা হয়। ওই ব্যক্তির কাছ থেকে মেলে মোটা অঙ্কের নগদ অর্থ।
ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসএসটি-র তল্লাশিতে বাইক আরোহীর ব্যাগে পাওয়া যায় ৩ লক্ষ ৯৬ হাজার টাকা। কোথা থেকে এত নগদ পেলেন, কী কাজে লাগানোর জন্য ওই টাকা নিয়ে যাচ্ছিলেন, তার সদুত্তর দিতে পারেননি বাইক আরোহী। এর পর তাঁকে গ্রেফতার করা হয় এবং টাকাগুলোও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশের একটি সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম জুলফিকর শেখ। বাড়ি উস্তি থানার শেরপুর এলাকায়। জিজ্ঞাসাবাদের সময় তাঁর কথায় অসঙ্গতি মেলায় টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ওই টাকা কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।