TMC

TMC: কংগ্রেস নেতার তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা, পোস্টার পড়ল বারাসতে, ক্ষুব্ধ তৃণ-কর্মীরা

তৃণমূল অন্দরের খবর, আগামী ২১ জুলাই শহিদ দিবসে আনুষ্ঠানিক ভাবে দীপকের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২১ ২১:১৯
Share:

নিজস্ব চিত্র।

তৃণমূলের যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বারাসতের একমাত্র কংগ্রেস কাউন্সিলর দীপক দাশগুপ্ত। এই খবর প্রকাশ্যে আসতেই তাঁর বিরুদ্ধে পোস্টার পড়ল একাধিক এলাকায়। যদিও এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না জোড়াফুল শিবির। কংগ্রেস ছেড়ে তাঁর তৃণমূলে যোগদান মোটামুটি পাকা বলেই জানা গিয়েছে।

Advertisement

শাসক শিবিরে যোগ দিতে চেয়ে উত্তর ২৪ পরগনার তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে চিঠি দিয়েছিলেন তিনি। তৃণমূলের অন্দরের খবর, আগামী ২১ জুলাই শহিদ দিবসে আনুষ্ঠানিক ভাবে দীপকের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হবে। এই খবর প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়। অতীতে তৃণমূলের সমালোচনা করে কাউন্সিলর নেটমাধ্যমে যা যা লিখতেন, সেই সব পোস্ট তুলে এনে শাসক শিবিরের কর্মী-সমর্থকদের দাবি, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ কয়েক বার অপমান করেছেন দীপক। তাঁকে যেন দলে না নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে ছোট বাজার ও কলোনি মোড় চত্বর-সহ বারাসতের বেশ কয়েকটি এলাকায় পোস্টারও পড়েছে।

এই বিতর্ক নিয়ে দীপক বলেন, ‘‘নামগোত্রহীন পোস্টার নিয়ে তৃণমূলের মতো দল মাথা ঘামায় না। তৃণমূলে আমার আনুষ্ঠানিক ভাবে যোগদান বাকি থাকলেও বর্তমানে মানসিক ভাবে আমি মমতারই সৈনিক।’’ বারাসতের পুরপ্রশাসক ও জেলা তৃণমুল কংগ্রেসের মুখপাত্র সুনীল মুখোপাধ্যায় বলেন, ‘‘দীপক দাশগুপ্তকে দলে নেওয়া শুধু সময়ের অপেক্ষা। পেশায় আইনজীবী ও দীর্ঘ দিনের কাউন্সিলর কংগ্রেস ছেড়ে তৃণমূলে এলে দলের শক্তি আরও বাড়বে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement