BJP

এগারো থেকে ছাব্বিশ, দুই বদলেই সুরেলা যোগ দ্রোণের

দ্রোণ জানালেন, প্রথমত, গানটি যাতে খুব সহজ হয় এবং বাংলার মানুষের মনকে ছুঁতে পারে, তা মাথায় রাখার কথা বলা হয়েছিল।

সুজিষ্ণু মাহাতো

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ০৯:২৫
Share:

দ্রোণ আচার্য। নিজস্ব চিত্র

২০১১ ও ২০২৬। দেড় দশকে বাংলায় দু’টি রাজনৈতিক পালাবদল আবর্তিত হয়েছে যে দুই বাক্যবন্ধ ঘিরে, তার নেপথ্যে রইলেন এক জনই। বাঙালি বিজ্ঞাপন নির্মাতা দ্রোণ আচার্য। ‘বদলা নয় বদল চাই’ গানে সুর বেঁধে নির্মাণ করেছিলেন দ্রোণ। আবার, ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’ গানটিও লিখেছেন সেই তিনিই। দুই ‘ঐতিহাসিক’ ভোটে এমন যোগসূত্র হয়ে যাওয়া দ্রোণ বলছেন, ‘‘বিজ্ঞাপন কে বানান, তাঁর নাম তো সবাই জানতে পারে না। এই স্বীকৃতিগুলোই আমার প্রাপ্তি।’’

বিজেপির প্রথম বার বাংলা জয়ের ভোটে গোটা প্রচার জুড়েই ছিল ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’ স্লোগানের উপস্থিতি। দেওয়াল লিখন থেকে টিভির বিজ্ঞাপনে তো বটেই, নরেন্দ্র মোদী-সহ বিজেপির সব শীর্ষ নেতা প্রচারে এই স্লোগান দিয়েছেন। এই বাক্যবন্ধ ঘিরে একটা আস্ত প্রচারসঙ্গীতও ছিল। যা বিজেপির প্রচারে বেজেছে পাড়ায় পাড়ায়। দ্রোণ জানালেন, বিজেপি দলের তরফে অবশ্য তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়নি। যে সংস্থা প্রচারের দায়িত্বে ছিল, তারাই দ্রোণকে গান বানানোর দায়িত্ব দেয়। দ্রোণ বললেন, ‘‘কয়েকটি মূল বিষয় ওই সংস্থার তরফে বলে দেওয়া হয়। তার উপরে ভিত্তি করেই আমি গানটি লিখেছি।’’

পাঁচ শব্দের বাক্য হলেও তা থেকে গান তৈরির পিছনে রয়েছে বিশাল গবেষণা। দ্রোণ জানালেন, প্রথমত, গানটি যাতে খুব সহজ হয় এবং বাংলার মানুষের মনকে ছুঁতে পারে, তা মাথায় রাখার কথা বলা হয়েছিল। তাই গানের কত শতাংশ শব্দে ক্ষোভের কথা, কতটা আশার কথা, কতটা নতুন প্রতিশ্রুতির কথা থাকবে, তা একেবারে অঙ্ক কষে বাছা হয়েছিল। দ্রোণের কথায়, ‘‘গত কয়েক বছরে বাংলায় কোন কোন গান ভাইরাল হয়েছে, সেখানে কেমন শব্দ ব্যবহার হয়েছে, কোন জনগোষ্ঠীর উপরে তা প্রভাব ফেলেছে— সব কিছুর তথ্য বিশ্লেষণ করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা আসার ফলে এই কাজগুলিও এখন খুব সহজ হয়ে গিয়েছে।’’ মাথায় রাখতে হয়েছে ছন্দও। দ্রোণ বললেন, ‘‘এই ধরনের গান সভায়, মিছিলে বাজে। তাই সবাই, বিশেষত যুবসমাজ যাতে তাল মেলাতে পারে, সেই রকম ছন্দে গান বাঁধতে হয়। কারণ, অনেক সময়ে ডিজে-ও ব্যবহার হয়।’’ তিনি জানালেন, বারান্দায় রোদ্দুর যে ছন্দের গান, অনেক জনপ্রিয় লোকগীতি যে ছন্দে, সেই ছন্দেই এই গান লেখা হয়েছে। তাঁর কথায়, ‘‘উদ্দেশ্য একটাই, গানটা যাতে বাংলার মানুষের মন ছুঁতে পারে।’’

বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর প্রাক্তন সদস্য দ্রোণ বহু জনপ্রিয় গান তৈরির নেপথ্য কারিগর। পরবর্তী কালে বিজ্ঞাপন নির্মাণের জীবনেও সেই অভিজ্ঞতা তাঁকে সাহায্য করেছে। সেই পরিচয়েই ২০১১-য় তাঁর কাছে এসেছিল তৃণমূলের পরিবর্তনের ডাক দেওয়া গান, ‘বদলা নয়, বদল চাই’ তৈরির প্রস্তাব। দ্রোণ বললেন, ‘‘এক তৃণমূল নেতাই আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে গিয়েছিলেন। তাঁর লেখা ‘বদলা নয়, বদল চাই’ এবং ‘অনেক হয়েছে আর না’র মতো স্লোগানের উপরে ভিত্তি করেই আমি গানটা বেঁধেছিলাম।’’ প্রতীক চৌধুরী ও গার্গীর গাওয়া সেই গানও ব্যাপক জনপ্রিয় হয়। সেখানে যেমন এক শিশুকন্যার কণ্ঠে ‘অনেক হয়েছে আর না’ কথাটা ছিল, এ বার এই গানেও নরেন্দ্র মোদীর গলায় ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’ স্লোগানটা রাখা হয়েছে। দ্রোণ জানাচ্ছেন, বিজ্ঞাপনের মতোই বার্তা পৌঁছে দিতেই এই কৌশল।

সরকার বদল করা দুই প্রচারের অঙ্গ ছিল যে দুই গান, তার দু’টিতেই উল্লেখযোগ্য উপস্থিতি ‘চাই’ শব্দটির। দ্রোণের বিশ্লেষণ, ‘‘এই শব্দটা আসলে একটা যৌথতার প্রতীক। যিনি শুনছেন, তিনিই সেই দাবির সঙ্গে একাত্ম বোধ করেন।’’ যে সংস্থা তাঁকে গানের বরাত দিয়েছিল, সোমবার বিজেপির জয়ের পরে তারা কেক আর ফুলের তোড়া পাঠিয়েছে। দুই পরিবর্তনের এই যোগসূত্র হয়ে পড়ার পরে তাঁর প্রতিক্রিয়া কী? দ্রোণ হেসে বললেন, ‘‘এখানে তো নিজস্ব রাজনৈতিক মতের কোনও বিষয় নেই। আমরা পেশাদার, ভাড়াটে সৈন্য! আবার অন্য কেউ যেমন বরাত দেবে, তেমন কাজ করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন