পুলিশের অনুমতি ছাড়াই সভা ও মিছিল করার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। নিজস্ব ছবি।
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে মিছিল করার জন্য এ বার তৃণমূলের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ। অভিযোগ, পুলিশের অনুমতি ছাড়াই সভা ও মিছিল করেছে শাসকদল। সেখানে উপস্থিত ছিলেন ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা, দলের নেতা আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদ।
গত ২১ জানুয়ারি হাতিশালায় তৃণমূল ও আইএসএফের মধ্যে খণ্ডযুদ্ধের ঘটনা ঘটেছিল। পুলিশের বক্তব্য, যার জেরে এলাকা আইন শৃঙ্খলার অবনতি হয়। সেই ঘটনার বিষয়টি নজরে রেখেই তৃণমূলের কর্মসূচিতে অনুমতি দেওয়া হয়নি। তা সত্ত্বেও বৃহস্পতিবার বিকেলে ভাঙড়ের ব়ড়ালি থেকে ঘটকপুকুর পর্যন্ত মিছিল করে শাসকদল। এর পরেই ভাঙড় থানার পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয় বলে খবর পুলিশ সূত্রে। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার মাকসুদ হাসান বলেন, ‘‘আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’
এ বিষয়ে শওকত বলেন, ‘‘পুলিশের অনুমতি চাওয়া হয়েছিল। প্রশাসন দেয়নি। প্রশাসন চাইলে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। আমরা শুধু মৌন মিছিল করেছি।’’