TMC-BJP Clash

কলকাতা বিমানবন্দরের বাইরে অশান্তির ঘটনায় ধরপাকড় শুরু পুলিশের! ধৃত ব্রাত্য-‘ঘনিষ্ঠ’ তৃণমূল নেতা-সহ পাঁচ

অভিষেককে স্বাগত জানাতে কয়েক জন তৃণমূল নেতাকর্মীও রাতে বিমানবন্দরে জড়ো হয়েছিলেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অভিষেকের বিমান নামার আগেই বিজেপি এবং তৃণমূল কর্মীদের একাংশের মধ্যে হাতাহাতি বাধে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১৭:৩৯
Share:

শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দরে অশান্তির ঘটনায় ধৃত পাঁচ। —নিজস্ব চিত্র।

কলকাতা বিমানবন্দরে অশান্তির ঘটনায় ধরপাকড় শুরু করল পুলিশ। এনএসসিবিআই থানার পুলিশ ইতিমধ্যেই পাঁচ জন তৃণমূলকর্মীকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে রয়েছেন দক্ষিণ দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়ও।

Advertisement

শুক্রবার রাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিমান নামার আগে উত্তেজনা ছড়ায় কলকাতা বিমানবন্দরে চত্বরে। তৃণমূলের অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে জড়ো হয়েছিলেন একদল বিজেপি কর্মী-সমর্থক। অভিষেককে লক্ষ্য করে ডিম ছোড়ার পরিকল্পনাও ছিল তাঁদের। শুধু তা-ই নয়, বিক্ষোভকারীদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলেও অভিযোগ তোলে তৃণমূল।

অভিষেককে স্বাগত জানাতে কয়েক জন তৃণমূল নেতা-কর্মীও রাতে বিমানবন্দরে জড়ো হয়েছিলেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অভিষেকের বিমান নামার আগেই বিজেপি এবং তৃণমূল কর্মীদের একাংশের মধ্যে হাতাহাতি বাধে। ধস্তাধস্তি, মারামারিকে কেন্দ্র করে বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই দিল্লি থেকে আসা বিমানে কলকাতায় পৌঁছোন অভিষেক। তবে মূল প্রবেশদ্বার এড়িয়ে নির্বিঘ্নেই বিমানবন্দর থেকে বার করে আনা হয় অভিষেককে।

Advertisement

শুক্রবার রাতের ঘটনা নিয়ে থানার দ্বারস্থ হয় বিজেপি। তৃণমূলকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। খতিয়ে দেখা হয় বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ। সেই তদন্তের সূত্র ধরে শনিবার পাঁচ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয়দের দাবি, ধৃত দেবাশিস প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘনিষ্ঠ। ধৃতদের শনিবার আদালতে হাজির করানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement