বিক্ষোভকারীদের হাত থেকে তৃণমূল নেতাকে উদ্ধার করতে গিয়ে বেগ পেতে হল পুলিশকে। —নিজস্ব চিত্র।
পুলিশের হাত থেকে তৃণমূল নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বাসন্তীর মসজিদবাটিতে তীব্র উত্তেজনা।
তৃণমূল আমলে তোলাবাজি এবং কাটমানি নেওয়ার অভিযোগে তিনি বিদ্ধ। সেই সমস্ত অভিযোগ নিয়ে তৃণমূল নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। অভিযুক্ত তৃণমূল নেতাকে উদ্ধার করতে গিয়ে বাধার মুখে পড়ল পুলিশ। তাদের হাত থেকে তৃণমূল নেতাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন পুরুষ-মহিলারা। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ঘটনা।
বাসন্তী এলাকার তৃণমূল নেতা পবিত্রের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ সেখানকার বাসিন্দাদের। তিনি সরকারি আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নিয়েছেন বলে অভিযোগ। দোকান-বাজার থেকে তোলাবাজির অভিযোগও রয়েছে। তা ছাড়া হুমকি-হুঁশিয়ারি দেওয়ারও বিস্তর অভিযোগ। মঙ্গলবার পবিত্রকে ঘিরে বিক্ষোভ শুরু করেন স্থানীয়েরা। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু উত্তেজিত জনতার হাত থেকে তৃণমূল নেতাকে উদ্ধার করতে গিয়ে বেগ পায় তারা। পুলিশকর্মীদের হাত থেকে পবিত্রকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা।
বিভিন্ন জায়গায় দুর্নীতির অভিযোগে ধৃত তৃণমূল নেতাদের কাঁচা ডিম নিক্ষেপ, মারধরের অভিযোগ উঠেছে। বাসন্তীর তৃণমূল নেতার উপর ডিম বর্ষণ না হলেও শারীরিক হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। পবিত্রকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে মারধরের চেষ্টা করেন স্থানীয়েরা। এ নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
শেষমেশ তৃণমূল নেতাকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। পবিত্রের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগগুলির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। তবে ওই তৃণমূল নেতার তরফে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।