টুকরো খবর

গৃহকর্তার মাথায় দায়ের কোপ মেরে গয়নাগাটি, টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে সন্দেশখালির ধুচনেখালি বাজার-সংলগ্ন এলাকা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবীন্দ্রনাথ মৃধার বাড়িতে গভীর রাতে হানা দেয় সশস্ত্র দুষ্কৃতীদের একটি দল। বাধা দিতে গেলে রবীন্দ্রনাথবাবুর মাথায় দায়ের কোপ মারে তারা। মারধর করা হয় তাঁর ছোট ছেলের স্ত্রী মীনাকেও। তাঁদের স্থানীয় খুলনা হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement
শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৪ ০১:৪০
Share:

গৃহকর্তাকে দা দিয়ে কুপিয়ে লুঠপাট চালাল দুষ্কৃতীরা

Advertisement

নিজস্ব সংবাদদাতা • বসিরহাট

গৃহকর্তার মাথায় দায়ের কোপ মেরে গয়নাগাটি, টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে সন্দেশখালির ধুচনেখালি বাজার-সংলগ্ন এলাকা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবীন্দ্রনাথ মৃধার বাড়িতে গভীর রাতে হানা দেয় সশস্ত্র দুষ্কৃতীদের একটি দল। বাধা দিতে গেলে রবীন্দ্রনাথবাবুর মাথায় দায়ের কোপ মারে তারা। মারধর করা হয় তাঁর ছোট ছেলের স্ত্রী মীনাকেও। তাঁদের স্থানীয় খুলনা হাসপাতালে ভর্তি করানো হয়। রবীন্দ্রনাথবাবুর অভিযোগ, নগদ হাজার দশেক টাকা এবং গয়না লুঠ হয়েছে। প্রায়ই ওই এলাকায় চুরি-ছিনতাই এবং ডাকাতির ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্য একটি ঘটনায়, দরজার তালা ভেঙে লুঠ হয়েছে বাদুড়িয়ার তারাগুনিয়া গ্রামেও। প্রদীপ বাছাড়ের ছোট মেয়ের বিয়ে হয়েছিল বুধবার। সেই উপলক্ষে বহু আত্মীয়-স্বজন এসেছিলেন বাড়িতে। শুক্রবার বৌভাত উপলক্ষে সকলে বেরিয়েছিলেন। ফেরেন গভীর রাতে। বাড়ির আলমারিতে রাখা ছিল আত্মীয়দের বেশ কিছু গয়নাগাটি। দেখা যায়, বারান্দায় গ্রিলের গেট ও দরজার তালা ভাঙা। আলমারি ভেঙে সেই সব গয়না লুঠ করে পালিয়েছে দুষ্কৃতীরা। তবে নগদ টাকা এবং অন্য কোনও জিনিসে হাত দেয়নি। কয়েক লক্ষ টাকার গয়না উধাও হয়েছে বলে দাবি করেছেন গৃহকর্তা। পুলিশের অনুমান, আলমারিতে গয়না রাখার সময়ে দুষ্কতীরা নজর রেখেছিল।

Advertisement

নাবালিকাকে ধর্ষণে ধৃত

নিজস্ব সংবাদদাতা • খানাকুল

পাওনা টাকার তাগাদায় গিয়ে সেই বাড়িতে এক নাবালিককে ধর্ষণের অভিযোগ উঠল গ্রামের এক প্রভাবশালী প্রৌঢ়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে খানাকুলের পলাশপাই গ্রামে। নাবালিকার মা ওই দিন বিকেলেই থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে বছর পঞ্চাশের শান্তি রাউত নামে ওই ব্যক্তি পলাতক। রবিবার বছর ১৩ ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষা করা হয় আরামবাগ মহকুমা হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের পরিবারের তরফে অবশ্য দাবি করা হয়েছে, টাকা ফেরত না দিতেই মিথ্যা অভিযোগে তাঁকে ফাঁসানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, অভাবের সংসারে ওই নাবালিকার মা মাসখানেক আগে শান্তি রাউতের কাছে কয়েকশো টাকা ধার নেন। দিন তিনেক আগে সেই টাকা ফেরত চান শান্তি। নাবালিকার মায়ের অভিযোগ, “পাওনা টাকা শিগগিরই মিটিয়ে দেব জানিয়েছিলাম। কিন্তু শনিবার আমি কাজে বেরিয়ছিলাম। স্বামীও বাড়ি ছিল না। বড় মেয়ে স্কুলে গিয়েছিল। সেই সুযোগে দুপুর ১২টা নাগাদ বাড়িতে ঢুকে ছোট মেয়েকে ধর্ষণ করে শান্তি। বাড়ি ফিরে মেয়ের কাছে সব ঘটনা শুনে পুলিশকে জানাই।”

পুলিশের গাড়ি পোড়ানোয় ধৃত

নিজস্ব সংবাদদাতা • ভাঙড়

পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগে শনিবার রাতেই গ্রাম থেকে ১৪ জনকে গ্রেফতার করল কাশীপুর থানার পুলিশ। রবিবার ধৃতদের বারুইপুর আদালতে তোলা হলে মনিরুল মোল্লা ও অজেদ আলি মোল্লার ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে। বাকিদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ হয়। শনিবার দুপুরে ভাঙড়ের কাশীপুর বাজারের কাছে মাটিবোঝাই লরি চাপা পড়ে ইমান মোল্লা নামে এক মোটরবাইক আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে পুলিশ ও জনতার মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। এলাকায় শাসক দলের নেতাদের মদতে মাটি নিয়ে অবৈধ ব্যবসা চলছে, এই অভিযোগে মৃতদেহ আটকে রেখে নাইন পয়েন্ট রোড অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। লাঠি চালিয়ে অবরোধ তুলতে গেলে পুলিশের উদ্দেশে ইট, পাটকেল ছোড়ে জনতা। পুলিশের দু’টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

স্টেশনে ভাঙচুর

মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় শনিবার রাতে চাপাপুকুর স্টেশনে দাঁড়িয়ে পড়েছিল বারাসাত-হাসনাবাদ লাইনের শেষ লোকাল ট্রেনটি। তার জেরে স্টেশন মাস্টারের ঘরে ঢুকে এক দল যাত্রী ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘরের কোলাপসিবল গেট, জানালার কাচ, চেয়ার ও টেলিফোন ভাঙচুর করা হয়। কম্পিউটারের তার ছিঁড়ে দেওয়া হয়। কম্পিউটারের তার ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। পুলিশ ও রেলসূত্রে জানা গিয়েছে, এ দিন রাতে একটি মালগাড়ি মধ্যমপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। চাঁপাপুকুর স্টেশনে দাঁড়িয়ে পড়ে বারাসাত-হাসনাবাদ লাইনের শেষ লোকাল ট্রেন। সমস্যায় পড়েন বসিরহাট, টাকি, হাসনাবাদের যাত্রীরা। তাঁদের দাবি ছিল, বসিরহাট স্টেশন পর্যন্তও ট্রেন নিয়ে যাওয়া হলে বাড়ি পৌঁছতে সুবিধা হবে। কিন্তু বসিরহাট স্টেশন থেকেও কোনও সিগনাল পাওয়া যায়নি। ফলে চাঁপাপুকুর স্টেশনেই দাঁড়িয়ে থাকে ট্রেনটি। তাতেই বিক্ষোভ করেন যাত্রীরা।

মদ আটক

জেলায় অভিযান চালিয়ে বেআইনি মদ আটক করল দক্ষিণ ২৪ পরগনা পুলিশ। শনিবার রাতে ২৫৭৭ লিটার বেআইনি চোলাই মদ, ৪৮৪ বোতল বাংলা মদ, ২৭,৪০০ লিটার মদ তৈরির উপকরণ, ৪৯ বোতল বিদেশি মদ উদ্ধার হয়েছে। এসপি প্রবীণকুমার ত্রিপাঠী জানান, বেআইনি মদের কারবারে জড়িত ৪৭ জন ও মদ্যপ অবস্থায় ১৮৬ জনকে ধরা হয়েছে ।

ধর্ষণের চেষ্টা

খুনের হুমকি দিয়ে এক প্রৌঢ়াকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। শনিবার রাতে বেড়াচাঁপার পাটোয়ারী পাড়ার ওই ঘটনায় স্বপন বাগ নামে ওই ব্যক্তির খোঁজ চলছে বলে জানায় পুলিশ।ওই রাতে মহিলা ঘরে শুয়ে ছিলেন। অভিযোগ, রাতে স্বপন মদ্যপ অবস্থায় ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। বাধা দিতে গেলে লোহার রড দিয়ে খুনের হুমকি দেয় সে। চিৎকারে তাঁর ছেলেরা বেরিয়ে এলে স্বপন পালায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement