বিধি ভেঙে চেক বিলি, অভিযুক্ত পঞ্চায়েত

নির্বাচনী বিধি ভেঙে চাষিদের ক্ষতিপূরণের চেক বিলির অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। বুধবার তালদি পঞ্চায়েতে ওই চেক বিলির সময়ে উপস্থিত ছিলেন ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি পরেশরাম দাস, পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ এবং প্রধানেরা। ক্যানিং ১ বিডিও বুদ্ধদেব দাস বলেন, ‘‘ত্রাণ হিসাবেই এই চেক বিলি হয়েছে। জেলাশাসক জানিয়েছেন, এটা নির্বাচনী বিধিভঙ্গের মধ্যে পড়ছে না।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৫ ০১:২২
Share:

চেক বিলি অনুষ্ঠানে হাজির ছিলেন পরেশরাম দাস (আকাশি জামা)। নিজস্ব চিত্র।

নির্বাচনী বিধি ভেঙে চাষিদের ক্ষতিপূরণের চেক বিলির অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। বুধবার তালদি পঞ্চায়েতে ওই চেক বিলির সময়ে উপস্থিত ছিলেন ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি পরেশরাম দাস, পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ এবং প্রধানেরা।
ক্যানিং ১ বিডিও বুদ্ধদেব দাস বলেন, ‘‘ত্রাণ হিসাবেই এই চেক বিলি হয়েছে। জেলাশাসক জানিয়েছেন, এটা নির্বাচনী বিধিভঙ্গের মধ্যে পড়ছে না।’’ কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি ওই অনুষ্ঠানে থাকলেন কী করে? বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন বিডিও।
বিরোধীদের অভিযোগ, তালদি পঞ্চায়েত এলাকায় উপ নির্বাচন হচ্ছে। অথচ তৃণমূল নির্বাচনী আচরণ বিধি ভেঙে ওই পঞ্চায়েত থেকে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণের চেক বিলি করেছে। কংগ্রেসের জেলা সভাপতি অর্ণব রায় বলেন, ‘‘তৃণমূল কোনও আইনের তোয়াক্কা করে না। তাই তারা নির্বাচনী বিধি-নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে ওই পঞ্চায়েত থেকে চেক বিতরণ করেছে। বিষয়টি আমরা বিডিও, এসডিওকে জানিয়েছি।’’ জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির যে সব আসন নানা কারণে ফাঁকা হয়েছে, সেখানে আগামী ৩ অক্টোবর উপ-নির্বাচন হবে। গত ৩ সেপ্টেম্বর নোটিফিকেশন জারি হয়। ক্যানিং ১ ব্লকের তালদি পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত সমিতির নির্বাচিত জন প্রতিনিধি তৃণমূলের কিশলয় মণ্ডল মারা গিয়েছেন। ফলে এ বার সেখানেও উপ নির্বাচন হবে।
ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি পরেশরাম দাস বলেন, ‘‘সরকারের নির্দেশ মেনেই চেক বিতরণ করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে যদি চাষিদের চেক বিতরণ করা না হতো, তা হলে টাকা ফেরত চলে যেত। সামনে যেহেতু ঈদ ও দুর্গোৎসবের মরসুম, তার আগে চাষিরা টাকা পেলে উপকৃত হবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement