কাগজি লেবু,পাতি লেবুর গাছের পাতা ছোট কালো পোকার উৎপাতে নষ্ট হয়ে যাচ্ছে। ফুল আসছে না। মাঝে মধ্যে ফুল এলেও পোকা খেয়ে নিচ্ছে। আর টবের শরবতি লেবু গােছ প্রচুর ফুল এলেও ছোট ফল সমেত ঝরে যাচ্ছে। সব গাছেই সর্ষে খোল ভেজানো জল নির্দিষ্ট সময় অন্তর দিই। মাটি দোঁয়াশ ও এঁটেলের মাঝামাঝি, শুকনো হলে খুব শক্ত। মাটি, সার, ওষুধ—সব কিছু নিয়েই জানতে চাই।
• কালো পোকা দমনের জন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে। প্রথমত গাছের গোড়ায় মাঝে মাঝে নিম খোল প্রয়োগ করতে হবে। দ্বিতীয়ত ১০,০০০ পিপিএম নিমতেল ২-৩ মিলি প্রতি লিটার জলে মিশিয়ে ১০ দিন অন্তর তিন বার বিকেলের দিকে স্প্রে করলে কালো পোকাগুলি আস্তে আস্তে ছেড়ে যাবে। তাতেও কাজ না হলে অ্যাসিটামিশ্রিড ০.১ গ্রাম বা থায়োমেথোক্সাম ০.২ গ্রাম প্রতি লিটার জলে গুলে সাত দিন অন্তর দু’বার আঠা-সহ বিকেলের দিকে ভাল করে স্প্রে করতে হবে।
••ফুল যাতে আসে, তার জন্য গাছে ঠিকঠাক খাবার দিতে হবে। প্রত্যেক গাছের গোড়ায় ১ কেজি কেঁচো সারের সঙ্গে ৫০ গ্রাম সিঙ্গল সুপার ফসফেট ও ২০ গ্রাম মিউরিয়েট অফ পটাশ সার মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। এ ছাড়া প্রতি লিটার জলে ২ গ্রাম বোরন ২০ এবং ০.৫ গ্রাম অ্যামোনিয়াম মলিবডেট এক সঙ্গে মিশিয়ে ২০ দিন অন্তর দু’বার প্রয়োগ করলে ফল পাওয়া যায়। অত্যধিক মাত্রায় নাইট্রোজেন আছে এই রকম সার এই মুহূর্তে ব্যবহার করা চলবে না।
•••যে টবে আপনার শরবতি লেবুর গাছে আছে, তার আকার উল্লেখ করেননি। আকার যদি ছোট হয় তা হলে বড় টবে স্থানান্তরিত করতে হবে। তবে টবের চেয়ে জমিতেই ভাল হয়।
••••অনবরত সর্ষে খোলের জল দেওয়ারও দরকার নেই। বরং ৬ চামচ সিঙ্গল সুপার ফসফেট সার টবের মাটির সঙ্গে ভাল করে মেশাতে পারেন।
কুঁড়ি এসে গেলে খুব অল্প করে প্রয়োজনভিত্তিক জল দিতে হবে। কিছু কুঁড়ি নষ্ট করে দিতে হবে। কাগজি লেবু, পাতি লেবু এবং শরবতি লেবু—প্রত্যেক গাছে প্রতি ১০ লিটার জলে ৪ মিলি আলফা এনএএ (প্লানোফিক্স, বর্ধক) ফুল আসার আগে ও ১০ দিন পর আর এক বার প্রয়োগ করলে ভাল ফল পাওয়া যায়।