নয়ানজুলিতে উল্টোল বাস, জখম ৪০

ছুটির দিনে ফাঁকা রাস্তায় বেশ জোরেই যাচ্ছিল বাসটি। আচমকা কালভার্টের বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পাশের নয়ানজুলিতে। রবিবার সকালে কালনা ১ ব্লকের বেলেডাঙা এবং দেয়াড়া গ্রামের মাঝামাঝি ওই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪০ জন যাত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৭ ০০:৪৩
Share:

দুর্ঘটনাগ্রস্ত বাস। নিজস্ব চিত্র।

ছুটির দিনে ফাঁকা রাস্তায় বেশ জোরেই যাচ্ছিল বাসটি। আচমকা কালভার্টের বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পাশের নয়ানজুলিতে। রবিবার সকালে কালনা ১ ব্লকের বেলেডাঙা এবং দেয়াড়া গ্রামের মাঝামাঝি ওই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪০ জন যাত্রী। ১০ জনকে গুরুতর অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে রয়েছে মহকুমার নানা প্রতিযোগিতায় যোগ দেওয়া বেশ কিছু খেলোয়াড়ও।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল দশটা নাগাদ কালনা বাসস্ট্যান্ড থেকে বাঘনাপাড়া হয়ে মেমারি রওনা দেয় ওই বেসরকারি বাসটি। মিনিট পঁয়তাল্লিশ পরে বেলেডাঙা গ্রামে ঢোকার আগে আচমকা একটি বাঁকের মুখে বাসটি নিয়ন্ত্রণ হারায়। একবার পাক খেয়ে পাশের নয়ানজুলিতে পরে যায় বাসটি। যাত্রীদের দাবি, চিৎকার-চেঁচামেচি শুনে পাশে আলুর জমিতে কাজ করা লোকজন ছুটে আসেন। কাছাকাছি বেলেরহাটে রবিবারের হাট বসেছিল। সেখান থেকেও অনেকে উদ্ধারে এগিয়ে আসেন। জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়েও যান স্থানীয় লোকজনই। ঘণ্টাখানেক পরে গিয়ে পুলিশ বাসটি তোলার ব্যবস্থা করে। চালকের অবশ্য খোঁজ মেলেনি।

এ দিন ছুটির দিনে মহকুমার নানা জায়গায় ফুটবল প্রতিযোগিতায় যোগ দিতে ওই বাসে চেপে আসছিলেন বেশ কিছু খেলোয়াড়। আহত হন তাঁদের অনেকেই। কোমরে আঘাত নিয়ে কালনার হাতিপোতা গ্রামের আজহার শেখ বলেন, ‘‘মেমারির গন্তার এলাকায় একটি ফুটবল টুর্নামেন্টে খেলতে যাওয়ার জন্য বাস ধরেছিলাম কালনা থেকে। প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। আচমকা বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস।’’ কাটোয়ার গাজিপুর এলাকার ইজারুল শেখও সুলতানপুরের একটি ক্রিকেট প্রতিযোগিতায় যোগ দিতে যাচ্ছিলেন। আঘাত পেয়ে এ মরসুমে আর খেলতে পারবেন না বলেও তাঁর আশঙ্কা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement