WB Elections 2026

বুথে ভোটারের ঢল চাইছে সব পক্ষই

এসআইআরে জেলায় বিবেচনাধীন ভোটার ছিলেন ৩,৬৫,৫৩৯ জন। এর মধ্যে যোগ্য বলে বিবেচিত হয়েছেন ১,৫০,৫৪০ জন।

সৌমেন দত্ত

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ০৬:২২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আজ, বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোটে পূর্ব বর্ধমানে ১৬টি আসনে মোট ১৩১ জন প্রার্থীর লড়াই। বিধানসভা ও লোকসভা মিলিয়ে জেলার সব আসনই তৃণমূলের দখলে। নিজেদের শক্তি ধরে রাখার জন্য ৯৫% ভোটার যাতে বুথে যান, সে দিকে নজর তৃণমূলের। পাশা পাল্টানোর জন্য ন্যূনতম ৯৩-৯৪% ভোটারকে বুথমুখী করতে চাইছে বিজেপি।

প্রচার-পর্বে বিজেপির হয়ে জেলায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, নানা রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রচারে এসেছেন। তৃণমূলের হয়ে প্রচার সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে সাংসদ, অভিনেতা-অভিনেত্রীরা। প্রচারে অন্য সব কিছুকে ছাপিয়ে চর্চা বেশি হয়েছে এসআইআর নিয়ে। বিজেপির অভিযোগ, প্রচারের মাঝেই রাতে তৃণমূল কর্মীরা নির্দিষ্ট বাড়িতে গিয়ে বলে আসছেন, ‘বুথের সিসি ক্যামেরা তাঁরা লাগিয়েছেন, কোথায় ভোট পড়ছে, তা তাঁরা বাড়িতে বসে দেখতে পাবেন’। ফলে ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।

এসআইআরে জেলায় বিবেচনাধীন ভোটার ছিলেন ৩,৬৫,৫৩৯ জন। এর মধ্যে যোগ্য বলে বিবেচিত হয়েছেন ১,৫০,৫৪০ জন। খসড়া তালিকা, প্রথম চূড়ান্ত তালিকা ও ৯ এপ্রিল প্রকাশিত তালিকা মিলিয়ে জেলায় বাদ পড়েছে ৪,৩৫,৫৬৪ জনের নাম। এত ভোটারের নাম বাদ পড়ায় বিভিন্ন দলের মধ্যে আশা ও আশঙ্কা তৈরি হয়েছে। বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি স্মৃতিকণা বসু বলেন, “ভুয়ো ভোটারেরা তো বুথে যেতে পারছেন না। ফলে, তৃণমূল ছাপ্পা দেওয়ার সুযোগ পাবে না।” জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বাগবুল ইসলামের পাল্টা বক্তব্য, “এসআইআরের প্রতিবাদে মানুষ বুথের লাইনে দাঁড়িয়ে তৃণমূলকে ভোট দেবেন।” জেলার সিপিএম নেতা বিনোদ ঘোষ বলেন, “এ বার আমরা অলিগলিতে প্রচার করেছি। আমাদের পুরনো ভোটারদের কাছে বার বার গিয়েছি।”

ভোটের আগের দিন, মঙ্গলবার দলীয় দফতরে বসে কৌশল ঠিক করেছেন জেলার প্রার্থীরা। কখনও ফোনে নির্দেশ দিয়েছেন, কখনও কর্মীদের চাঙ্গা করার চেষ্টা করেছেন। তৃণমূল সূত্রের খবর, কোনও বুথে যাতে ৯০%-এর কম ভোট না পড়ে, তা নিশ্চিত করার কথা বলেছেন নেতারা। কোনও কোনও এলাকায় ৯৮% পর্যন্ত ভোটের লক্ষ্যমাত্রা নিয়েছে দল। দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “প্রথম দফায় রাজ্যে প্রায় ৯৩% ভোট হয়েছিল। আমরা চাইছি, প্রথম দফার চেয়েও বেশি মানুষ ভোট দিন।”

বিজেপি সূত্রের আবার খবর, হিন্দু প্রধান এলাকায় ৯২-৯৩% ভোটারকে বুথে নিয়ে যাওয়ার চেষ্টা করার বার্তা রয়েছে। দলের বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, “সব মিলিয়ে, ৯০% ভোটারকে বুথে নিয়ে যেতে চাইছি। আশা করছি, তার চেয়ে বেশি ভোটার লাইনে দাঁড়াবেন।”

লম্বা লাইন পক্ষে যাবে, আশায় সব পক্ষই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন