দলীয় কার্যালয়ে এই ব্যানার টাঙিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। নিজস্ব চিত্র।
বর্ধমানের বিজেপি জেলা কার্যালয়ের সামনে একটি ফ্লেক্স টাঙানো নিয়ে চাঞ্চল্য শহর জুড়ে। সেই ফ্লেক্সে লেখা আছে, যে সব চাকরিপ্রার্থীরা তৃণমূল কংগ্রেসের নেতা বা সরকারি আধিকারিকদের টাকা দিয়েও চাকরি পাননি, তাঁরা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে বিজেপির দলীয় কার্যালয়ে যোগাযোগ করলে দল দায়িত্ব নিয়ে টাকা ফেরতের ব্যবস্থা করবে। এই ফ্লেক্সকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা শুরু হয়েছে।
রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবু টুডু বলেন, ‘‘মাথা খারাপ হলে যা হয়।ওদের মানসিক রোগের ডাক্তার দেখানো উচিত। এই রকম সমস্যা হলে তারা তো প্রশাসনের কাছে যাবে বা পুলিশের কাছে যাবে, বিজেপি অফিসে যাবে কেন? ওরা কি প্রশাসন, না কি থানা যে ওখানে যাবে।’’
প্রসঙ্গত, সম্প্রতি বর্ধমানে দলীয় কর্মসূচিতে এসেছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বর্ধমানের বড়নীলপুর এলাকায় একটি পথসভা হয়। সেখানে তিনি বলেছিলেন, ‘‘দলীয় কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়ে দিন, যারা টাকা দিয়েও চাকরি পাননি তারা জেলা কার্যালয়ে যোগাযোগ করুক। তাদের নাম গোপন রাখা হবে। সেই সমস্ত তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করে সেই টাকা তাদের ফিরিয়ে দিতে দেওয়া হবে। এই দায়িত্ব নিতে হবে।’’
তার পরই দলের কার্যালয়ে এই ব্যানার টাঙিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এ প্রসঙ্গে জেলা বিজেপি সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র জানিয়েছেন, ‘‘জেলা সভাপতি নির্দেশেই আমরা এই উদ্যোগী হয়েছি।’’