Bardhaman Murder Case

মদের আসরে ডেকে বন্ধুকে খুন! সাত বছর পর দু’জনকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করল বর্ধমানের আদালত

সোমবার বিচারক বর্ধমানের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শ্যামাপ্রসাদ চট্টোপাধ্যায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর তাঁদের আইনজীবীরা জানিয়েছেন কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হচ্ছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১২:৪৬
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

মদের আসরে ডেকে বন্ধুকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত দুই যুবক। তা ছাড়াও ১০ হাজার টাকা করে তাঁদের জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। বর্ধমানের আদালত জানিয়েছে, জরিমানা অনাদায়ে একবছর কারাবাসে থাকতে হবে সাজাপ্রাপ্তদের। ওই মামলায় তৃতীয় অভিযুক্তকে প্রমাণের অভাবে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

সাজাপ্রাপ্তদের নাম বিশ্বনাথ রায় ওরফে নন্দ ও সুরজিৎ ভাই ওরফে হাবলা। বর্ধমান শহরের বাসিন্দা তাঁরা। আদালত সূত্রে খবর, বিশ্বনাথের বাড়িতে প্রায়শই মদের আসর বসত। জুয়াও খেলা হত সেখানে। ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর রাতেও মদের আসর বসেছিল। সে দিন সকাল ৯টা নাগাদ বিশ্বনাথ এবং সুরজিৎ পাড়ারই এক যুবক জনৈক মানিক রায়কে ডেকে নিয়ে যান। দিনভর কয়েক জন বন্ধু মিলে মদ্যপান করেন বিশ্বনাথ বাড়ির। এর মধ্যে ছেলেকে ডাকতে মানিকের মা বেশ কয়েক বার ওই বাড়িতে যান। কিন্তু বাইরে থেকে ঘর তালাবন্ধ দেখে তিনি ফিরে যান। রাতে আবার ওই বাড়িতে যান মানিকের মা রীতা রায়। তখন ঘরের সামনে সুরজিৎ এবং সন্দীপকে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। তাঁদের কাছে ছেলের বিষয়ে জানতে চান রীতাদেবী। যদিও সদুত্তর মেলেনি। সন্দেহ হওয়ায় ঘরের পিছনের দিকে জানালা দিয়ে উঁকি মেরে ছেলেকে মেঝেয় পড়ে থাকতে দেখেন তাঁর মা। তিনি চিৎকার-চেঁচামেচি করেন। লোকজন জড় হন।

দেহ উদ্ধারের সময় মানিকের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল বলে অভিযোগ। সে বছরের ১ অক্টোবর ওই ঘটনার বিবরণ দিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রৌঢ়া। পরিকল্পনামাফিক খুন এবং প্রমাণ লোপাটের ধারায় কেস রুজু করে পুলিশ। তদন্তে নেমে পরের দিন বিশ্বনাথ, সন্দীপ এবং সুরজিৎকে গ্রেফতার করে তারা। সেই বছরের ৩১ ডিসেম্বরে সন্দীপ এবং সুরজিৎ দু’জনেই জামিন পান। তদন্ত শেষ করে ১৪ ডিসেম্বর তদন্তকারী অফিসার তপন কার্ফা আদালতে চার্জশিট পেশ করেন। মামলায় ১০জন সাক্ষ্য দিয়েছেন বলে আদালত সূত্রে খবর।

Advertisement

সোমবার বিচারক বর্ধমানের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শ্যামাপ্রসাদ চট্টোপাধ্যায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর তাঁদের আইনজীবীরা জানিয়েছেন কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হচ্ছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement