Shantipur College Student Death

‘সম্মান বাঁচাতে হলে রিলেশনে আয়’, বন্ধুর ‘চাপে’ নিজেকে শেষ করে দিলেন শান্তিপুরের কলেজছাত্রী!

পরিবারের দাবি, বন্ধুত্বের সুযোগ নিয়ে তাদের মেয়ের কিছু ছবি হাতিয়ে নিয়েছিলেন ওই যুবক। সেগুলো সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখাতেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ২১:০৩
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সামাজমাধ্যমে ‘ব্যক্তিগত’ ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বান্ধবীকে তাঁর সঙ্গে প্রেম করতে জোর করতেন যুবক। সেই ভয় এবং আতঙ্কে আত্মহত্যা করেছেন কলেজপড়ুয়া। সোমবার এমনই অভিযোগ উঠল নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েত এলাকায়। অভিযুক্তের খোঁজে পুলিশ।

Advertisement

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মৃতার নাম সন্ধ্যা দেবনাথ। বয়স মাত্র ১৮ বছর। বাবা বাসুদেব দেবনাথ পেশায় টোটো চালক। উচ্চ মাধ্যমিক পাশ করে চলতি বছরেই কলেজে ভর্তি হয়েছিলেন সন্ধ্যা। পরিবারের দাবি, স্থানীয় এক যুবক দীর্ঘ দিন ধরে সন্ধ্যাকে উত্ত্যক্ত করছিলেন। রবিবার রাতে হোয়াটস্‌অ্যাপে বেশ কিছু ক্ষণ কথোপকথন হয় ওই যুবক এবং সন্ধ্যার। তাতে হুমকি দেন যুবক। মৃতার পরিবার মেয়ের হোয়াট্‌সঅ্যাপের কথোপকথন সামনে এনেছে। যাতে অভিযুক্ত যুবকের বিভিন্ন মেসেজের মধ্যে একটি, ‘‘মান-সম্মান বাঁচাতে হলে রিলেশনে আয়।’’ অভিযোগ, ওই মেসেজ আসার পরেই চরম পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন কলেজছাত্রী।

পরিবারের দাবি, বন্ধুত্বের সুযোগ নিয়ে তাদের মেয়ের কিছু ছবি হাতিয়ে নিয়েছিলেন ওই যুবক। সেগুলো সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখাতেন তিনি। যুবক সন্ধ্যার সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্ক করতে চেয়েছিলেন। কিন্তু সন্ধ্যা তাতে রাজি হননি। তাই এই ভাবে ব্ল্যাকমেল করা হচ্ছিল তাঁকে।

Advertisement

সোমবার সকালে চা করে মেয়েকে ঘুম থেকে তুলতে গিয়েছিলেন মা। ঘরে ঢুকে দেখেন ঝুলন্ত সন্ধ্যাকে। কান্নায় ভেঙে পড়েন মহিলা। প্রতিবেশীরা ছুটে আসেন। আসে পুলিশ। কন্যাহারা মায়ের অভিযোগ, ‘‘মেয়ের হোয়াট্‌সঅ্যাপ চ্যাট দেখলেই পরিষ্কার বোঝা যায় যে, ওর সম্মানহানি করবে বলে হুমকি দেওয়া হচ্ছিল। আমার মেয়ে কুপ্রস্তাবে রাজি না-হওয়ার জন্য মানসিক নির্যাতন করা হচ্ছিল। ওই ছেলের কঠিন শাস্তি চাই।’’

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। তদন্তের স্বার্থে মৃতার মোবাইল থেকে তথ্য সংগ্রহ করছে। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement