ভর সন্ধ্যেয় কালো কাপড়ে মুখ ঢেকে বাড়িতে ঢুকে দু’জনকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল কয়েকজন। হৈ চৈ শুনে পাড়ার লোকেরা গাড়ির আটকে উদ্ধার করেন তাঁদের। বৃহস্পতিবার রাতে কানাইনাটশালে ঘটনাটি ঘটে। তবে গাড়িতে থাকা ২ মহিলা-সহ ৬ জন পালিয়ে যায়। গাড়ি চালককে অবশ্য গ্রেফতার করেছে পুলিশ। যাঁদের তুলে নিয়ে যাচ্ছিল সেই মা-ছেলে অনিমা কর ও শচীন কর পুলিশকে অভিযোগে জানিয়েছেন, জমি নিয়ে এক দম্পতির সঙ্গে বিবাদ চলছে তাঁদের। তার জেরেই এ রকম ঘটনা ঘটেছে।