টুকরো খবর

নিচু স্তরে কাজের গতি বাড়াতে তৎপর হল জেলা প্রশাসন। জেলার প্রতিটি ব্লকে অতিরিক্ত জেলাশাসক, জেলা সভাধিপতি, মহকুমাশাসক-সহ বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে বৈঠক ডেকে সরাসরি নানা প্রকল্পের চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, কালনা ১ ও ২ ব্লক, পূর্বস্থলী ১ ব্লক, মন্তেশ্বর ব্লক, জামালপুর ব্লক, সালানপুর ব্লক, জামুড়িয়া ব্লক-সহ প্রায় ১৪টি ব্লকে ইতিমধ্যেই প্রশাসনিক বৈঠক হয়ে গিয়েছে।

Advertisement
শেষ আপডেট: ২৫ জুন ২০১৪ ০০:২২
Share:

নিয়মিত সংসদ সভার নির্দেশ কর্তাদের

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কালনা

নিচু স্তরে কাজের গতি বাড়াতে তৎপর হল জেলা প্রশাসন। জেলার প্রতিটি ব্লকে অতিরিক্ত জেলাশাসক, জেলা সভাধিপতি, মহকুমাশাসক-সহ বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে বৈঠক ডেকে সরাসরি নানা প্রকল্পের চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, কালনা ১ ও ২ ব্লক, পূর্বস্থলী ১ ব্লক, মন্তেশ্বর ব্লক, জামালপুর ব্লক, সালানপুর ব্লক, জামুড়িয়া ব্লক-সহ প্রায় ১৪টি ব্লকে ইতিমধ্যেই প্রশাসনিক বৈঠক হয়ে গিয়েছে। সাধারণত ব্লক অফিস বা পঞ্চায়েত সমিতির কার্যালয়ে বৈঠক বসছে। বিডিওরা বৈঠকের আগেই একশো দিনের কাজ, ইন্দিরা আবাস যোজনা, গীতাঞ্জলি-সহ একাধিক প্রকল্পের খতিয়ান তুলে ধরছেন। পিছিয়ে থাকা পঞ্চায়েতগুলির ক্ষেত্রে সমস্যা জানতে চাইছেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। সেই মতো নিদানও দেওয়া হচ্ছে। জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু বলেন, “কাজে গাফিলতি থাকলে পঞ্চায়েতের কর্মচারীদেরও রেয়াত করা হবে না।” আসানসোলের দুটি পঞ্চায়েতে দুই সরকারি কর্মীর কাজে তাঁরা বিরক্ত। তাঁদের কাজের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। অতিরিক্ত জেলাশাসক হৃষিকেশ মুদি বলেন, “পঞ্চায়েতগুলিতে উন্নয়নের গতি বাড়াতে নিয়মিত সংসদ সভা করতে হবে।”

Advertisement

চলন্ত বাসে ছিনতাই, ধৃত

Advertisement

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

চলন্ত বাস থেকে প্রায় দু’লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল তিন দুষ্কৃতীর বিরুদ্ধে। তাদের মধ্যে দু’জনকে গ্রেফতারও করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় বর্ধমান থেকে মিরছোবা যাওয়ার পথে ঘটনাটি ঘটে। ধৃতদের নাম সুখদেব কর্মকার ও সমীর চক্রবর্তী। সজল চক্রবর্তী নামে ওই মদের দোকানের কর্মচারীর অভিযোগ, ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু এতটাই অন্যমনস্ক ছিলেন যে টাকা হাতানো বুঝতে পারেননি। বাসের অন্য যাত্রীদের কেউ কেউ অবশ্য পুরো ঘটনাটাই দেখেন। তবে সাহস করে প্রতিবাদ করতে পারেননি। দুষ্কৃতীরা নেমে যাওয়ার পরে অবশ্য তাঁরা বিষয়টি সজলবাবুকে জানান। রাতেই থানায় অভিযোগ দায়ের করেন সজলবাবু। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, খোওয়া যাওয়া টাকার মধ্যে ১ লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ধৃতদের একজনের বাড়ি লোকো খালাসিপাড়ায়, আর অন্যজন বাদশাহী রোডের বাসিন্দা। তবে বাদশাহী রোডেরই বাসিন্দা আরেক দুষ্কৃতী চন্দ্রশেখর রায়ের খোঁঝ মেলেনি। পুলিশের অনুমান, ওই দলটি এ ধরনের কেপমারির কাজ করে থাকে। ধৃতদের জেরা করে পলাতক দুষ্কৃতীর খোঁজ চলছে।

শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

লাইন সারাতে গিয়ে পড়ে মৃত্যু হয়েছে রাজ্য বিদ্যুৎ বন্টন লিমিটেডের ঠিকাদার নিযুক্ত এক শ্রমিকের। তাঁর নাম কানাই ধর (২৬)। বাড়ি কালনার যোগীপাড়ায়। দিন চারেক আগে কালনার ৯ নম্বর ওয়ার্ডে দুর্ঘটনাটি ঘটে। মাথায় চোট পাওয়া কানাইকে প্রথমে কালনা হাসপাতাল ও পরে রাতেই বর্ধমানের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার সেখানেই মারা গিয়েছেন তিনি। রাজ্য বিদ্যুৎ বন্টন দফতরের বর্ধমান-বীরভূম জোনাল ম্যানেজারের দফতর সূত্রে জানানো হয়েছে, মৃত কর্মীর পরিবারকে নিয়মমাফিক ক্ষতিপূরণ দেওয়া হবে।

মিলনের হার

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

বর্ধমানের স্পন্দন মাঠে চলছে দ্বিতীয় ডিভিশন লিগ। —নিজস্ব চিত্র।

বুধা ভিলেজ এফসিকে ৩-১ গোলে হারাল ধেনুয়া আদিবাসী মিলন সঙ্ঘ। আসানসোল টেলেন্ট কেয়ারের আয়োজিত লাবন্ন হুইলার ও মিঠু ঘোষাল স্মৃতি ফুটবল প্রতিযোগিতাটি চলছে কল্যাণপুর মাঠে।

তড়িদাহত কিশোর, ভাঙচুর

দুই কিশোরের তড়িদাহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা ব্যাপক ভাঙচুর চালালেন রাজ্য বিদ্যুত বন্টন কোম্পানি, বরাকর শাখার একটি কল সেন্টারে। ঘটনার জেরে পর্ষদ কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, কয়েকজন কিশোর ফুটবল খেলছিল। বল কল সেন্টারের মধ্যে চলে যাওয়ায় ওই দুই কিশোর বল আনতে যায়। এরা ১১ হাজার ভোল্টের একটি বিদ্যুতের খুঁটিতে তড়িদাহত হয়। গুরুতর জখম অবস্থায় অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এরপরেই চলে ভাঙচুর। বরাকর শাখার আধিকারিক স্বরাজ দাস জানান, কল সেন্টারের প্রায় সব আসবাবপত্রই ভেঙ্গে দিয়েছেন বিক্ষুব্ধরা। প্রশ্ন উঠছে, ওই কল সেন্টার এলাকায় সাধারণের প্রবেশ নিষেধ হওয়া সত্ত্বেও ওই দু’জন কিভাবে খুঁটির কাছে গেল। পর্ষদের পক্ষে এই বিষয়ে তদন্ত হবে বলে জানানো হয়েছে।

পুজো দিতে গিয়ে ছিনতাই ব্যাগ

মন্দিরে পুজো দিতে গিয়ে ব্যাগ থেকে ছিনতাই হয়ে গেল নগদ টাকা। ঘটনাটি ঘটেছে ভিড়িঙ্গি কালিবাড়িতে। স্থানীয় নাগার্জুন রোডের বাসিন্দা রেখা সিংহের অভিযোগ, মঙ্গলবার সকালে তাঁরা সপরিবারে পুজো দিতে মন্দিরে গিয়েছিলেন। সেখানে ব্যাগ রাখার জন্য নির্দিষ্ট জায়গায় ব্যাগ রেখে তাঁরা মন্দিরের ভিতরে পুজো দিতে যান। ফিরে এসে দেখেন ব্যাগ থেকে টাকা উধাও। এরপর তাঁরা বিষয়টি মন্দির কর্তৃপক্ষকে জানান। মন্দির কমিটির কর্তারা পুলিশে খবর দেন। পুলিশ জানিয়েছে, মন্দিরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা গিয়েছে দু’জন নাবালক ব্যাগ খুলে টাকা বের করে নিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।

শাস্তির দাবিতে বাজার বন্ধ অন্ডালে

নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে মঙ্গলবার, অন্ডাল দক্ষিণ বাজার বন্ধ রাখলেন ব্যবসায়ীরা। এ দিন সকালে ব্যবসায়ীরা একটি মিছিলও করেন। মৃতের মামা রুপেশ মুদি অভিযোগ করেন অভিযুক্তের তরফে মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করেন জেলা সভাধিপতি দেবু টুডু।

তার চুরিতে ধৃত

তামার তার চুরি করার অভিযোগে শিল্প নিরাপত্তা বাহিনী এক দুষ্কৃতীকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। ধৃতের নাম মহেশ যাদব। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বার্নপুর ইস্কো কারখানায়। পুলিশ জানিয়েছে মহেশের কাছ থেকে প্রায় সাড়ে তিন কিলো তামার তার পাওয়া গিয়েছে।

ভ্রম সংশোধন

গত ২০ জুন এই সংস্করণের আটের পাতায় ‘বাবুল কাকাকে খুঁজতে ছোটদের পাঠায় তৃণমূল’ শীর্ষক প্রতিবেদনে আসানসোল পুরসভার চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি ভোটের আগে বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে মদ্যপান করে ধর্মস্থানে যাওয়ার অভিযোগ দায়ের করেছিলেন বলে উল্লেখ করা হয়েছে। আদতে ওই অভিযোগ করেছিলেন ‘আসানসোল সিটিজেন্স ফোরাম’ নামে এক সংগঠনের কর্তা সঞ্জয় সিংহ, যিনি এলাকায় জিতেন্দ্রবাবুর ঘনিষ্ঠ বলে পরিচিত। এই ত্রুটির জন্য দুঃখিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement