চালের পাত্রে পোকা মারার জন্য মেশানো ছিল গুঁড়ো কীটনাশক। না জেনে সেই চাল কাঁচা চিবিয়ে খেয়ে মৃত্যু হল এক কলেজ ছাত্রীর। ঋতুপর্ণা চৌধুরী (২১) নামে ওই ছাত্রীর বাড়ি রামপুরহাট থানার সোনাপট্টি এলাকায়। পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় বাবা মা পাশের মন্দিরে পুজো দিতে যান। সেই সময়ে অভ্যাসবশত ওই চাল চিবোতে শুরু করে ছাত্রীটি। কিছুক্ষণ পরেই বমি শুরু হওয়ায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ওই ছাত্রীকে। পরে পাঠানো হয় বর্ধমান মেডিক্যালে। রাতে সেখানেই মারা যায় তিনি। মৃতার বাবা তারকনাথ চৌধুরী হাসপাতালের মর্গে দাঁড়িয়ে বলেন, ‘‘আমার মেয়ে মাঝেমাঝেই কাঁচা চাল চিবিয়ে খেতে। এ বার চালের সঙ্গে মেশানো কীটনাশক পেটে চলে গিয়েই সর্বনাশ হল।’’ নলহাটি কলেজে ইংরাজি অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন ঋতুপর্ণা।