সিহারশোলে তখন মঞ্চস্থ হচ্ছে নাটক। —নিজস্ব চিত্র।
গাছ, ফুল, প্রজাপতি— এককথায় প্রকৃতি রাজ্যের সর্বত্রই রয়েছে রঙের ছোঁয়া। সেই রঙ নিয়েই তৈরি ছোটদের নাটক ‘দোল’। এই নাটকটি মঞ্চস্থ করে শনিবার থেকে শুরু হয়েছে সিহারশোল নাট্যোৎসব। তিন দিনের এই উৎসবের আয়োজন করেছে সিহারশোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন।
সংস্থা সূত্রে জানা গিয়েছে, নাট্যোৎসব এ বার ৪১ বছরে পা দিল। সংস্থার সম্পাদক সাগর মুখোপাধ্যায় জানান, এ বার মোট ৮টি দল উৎসবে যোগ দিয়েছে। শনিবার নাট্যোৎসবের উদ্বোধন করেন প্রাক্তন নাট্য অভিনেতা অশোক হাজরা। ছিলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষিকা চৈতালি কাঞ্জিলালের সঞ্চালনা ও রামপ্রসাদ হাজরার মুকাভিনয় দর্শকের নজর কাড়ে। সংস্থায় কার্যকরী সভাপতি শশাঙ্কশেখর কাঞ্জিলাল জানান, ২০১৩ সালে সিহারশোলে নাটক-চর্চার একশো বছর পালন করা হয়।
নাট্যোৎসবের শুরুর দিন ছিল দু’টি নাটক— ‘দোল’ ও ‘ফেসবুক’। রবিবারের তিনটি নাটক— ‘চিড়িয়াখানা’, ‘বহুরূপী’ ও ‘বাড়ির পাশে আরশিনগর’। আজ, সোমবার অনুষ্ঠিত হবে ‘মেহেরজান’, ‘গজব দেশের আজব কথা’ ও ‘মরীচিকা’। আয়োজকদের দাবি, গত দু’দিনে নাটক দেখতে প্রায় হাজার দু’য়েক লোকের সমাগম হয়েছে।
মৌলিকের উৎসব
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
সম্প্রতি হয়ে গেল মৌলিক নাট্য সংস্থার ৪৬তম বার্ষিক মিলন উৎসব। বর্ধমান টাউন হলে নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান,আলাপচারিতায় অনুষ্ঠান সন্ধ্যা কাটে। পরিবেশিত হয় সংস্থার অন্যতম কর্ণধার ললিত কোণার নির্দেশিত নাটক ‘প্রভাত ফিরে এসো’। নাট্যশিল্পী প্রশান্ত চট্টোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হয়। ফিরে দেখা মৌলিক অনুষ্ঠানের আলোচনায় যোগ দেন পরেশ দত্ত ও মিহির চট্টোপাধ্যায়।
সাংস্কৃতিক সন্ধ্যা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
ফ্যাবুলাস অ্যাচিভমেন্ট নামে একটি সাংস্কৃতিক সংস্থার বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল বর্ধমানের টাউন হলে। সংস্থার শিক্ষার্থীরা কবিতা, গান, নাচ পরিবেশন করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বর্ধমান মহিলা কলেজের অধ্যক্ষ সুকৃতি ঘোষাল। সংস্থার তরফে স্বপন চ্যাটার্জি বলেন, ‘‘প্রতিবারের মতো এ বারও কিছু দুঃস্থ মেধাবি পড়ুয়াকে বই খাতা দেওয়া হয়।’’
বিজয়া সম্মিলনী
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া
বিজয়া সম্মিলনী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল কাটোয়ার অজয় সাহিত্য পর্ষদ। শনিবার, ওই অনুষ্ঠানে প্রায় ৪০জন সংস্কৃতিকর্মী যোগ দেন। অন্যতম আয়োজক রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘‘লিটল ম্যগাজিনকে উৎসাহ দিতেই এই আয়োজন।’’ পত্রিকা সম্পাদক তারকেশ্বর চট্টরাজ জানান, পত্রিকার বয়স ত্রিশ বছর।
কাহার পত্রিকা প্রকাশ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
কাহার সাহিত্য গোষ্ঠীর উদ্যোগে সম্প্রতি প্রকাশিত হয়ে গেল কাহার সাহিত্য পত্রিকা। গুসকরা টাউন লায়ন্স ক্লাবে ওই অনুষ্ঠানের সঙ্গে সংস্থার বিজয়া সম্মিলনীও হয়। সম্মান জানানো হয় স্থানীয় কবি, লেখকদের। সবমিলিয়ে গানে, গদ্যে কবিতায় ভরে ওঠে অনুষ্ঠান।
রজতজয়ন্তী
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ
রজতজয়ন্তী উপলক্ষে শনিবার রানিগঞ্জের ‘সুরসঙ্গম’ নামে একটি সংস্থা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল। রানিগঞ্জ পাবলিক লাইব্রেরির অধিবেশন কক্ষে গিটার, তবলা বাজিয়ে শোনান মোট ৫৫ জন শিল্পী।
মেয়েদের কলমে
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
মহিলাদের ষান্মাসিক সঙ্গীত ও সাহিত্য পত্রিকা ‘বকুল ফুল’ প্রকাশিত হল। পত্রিকা প্রকাশ উপলক্ষে বর্ধমানের বোরহাটে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পত্রিকার সম্পাদিকা মিনতি গোস্বামী জানান, রাজ্যের বিভিন্ন প্রান্তের বাড়ির মেয়েরা কবিতা, ছড়া, ছোটোগল্প লিখেছেন এই পত্রিকায়।
সাহিত্য সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের ১৮তম রাজ্য সম্মেলন শেষ হল রবিবার। আসানসোলে আয়োজিত ওই সম্মেলনে নজরুল ইসলাম, শিশু সাহিত্য, লিটল ম্যাগাজিন, সংবাদপত্র-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট জনেরা। সংগঠনের আসানসোল শাখার সম্পাদিকা প্রণতি বন্দ্যোপাধ্যায় জানান, গোটা বাংলা থেকে মোট চারশো জন প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছিলেন। শনিবার বক্তব্য রাখেন প্রাক্তন বিচারপতি প্রণব চট্টোপাধ্যায়। সঙ্গীত পরিবেশন করেন কার্তিক দাস বাউল, শিঞ্জিনী আচার্য মজুমদার। ছিল বিজয় মাহাতোর ঝুমুর গান। রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক আসানসোলে সংগঠনের সর্বভারতীয় সম্মেলন করার প্রস্তাব দেন। সংগঠনের সর্বভারতীয় সভাপতি প্রদীপ ভট্টাচার্য জানান, মন্ত্রীর প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।