—প্রতীকী চিত্র।
ফের ভিন্রাজ্যে মৃত্যু বাঙালি পরিযায়ী শ্রমিকের। অভিযোগ, অন্ধ্রপ্রদেশে মোবাইল চোর সন্দেহে মারধর, ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল নদিয়ার তেহট্টের শ্রমিককে। চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও, পরে বাড়ি ফেরার পথে তাঁর মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম রাজু তালুকদার। তিনি তেহট্টের বেতাই লালবাজার মাঠপাড়া এলাকার বাসিন্দা। পাঁচ মাস আগে ভাই ও এলাকার কয়েক জনকে নিয়ে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে কাজে গিয়েছিলেন। সেখানে গত ২৯ অগস্ট কয়েক জন শ্রমিকের মোবাইল চুরি হয়ে যায়। তাঁদের সন্দেহ হয়, রাজুই ফোন চুরি করেছেন। তা নিয়েই শুরু হয় বচসা, পরে হাতাহাতি। অভিযোগ, সেই সময় কয়েক জন রাজুর উপর চড়াও হন। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে।
রক্তাক্ত অবস্থায় রাজুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই কয়েকদিন চিকিৎসাধীনও ছিলেন যুবক। পরে কিছুটা সুস্থ হলে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। পরিবারের লোকেরা ঠিক করেন, রাজুকে তেহট্টের বাড়িতে এনে চিকিৎসা করাবেন। সেইমতো তাঁকে অন্ধ্রপ্রদেশ থেকে ফিরিয়ে আনা হচ্ছিল। কিন্তু বিশাখাপত্তনমের স্টেশনে আসতেই আবার অসুস্থ হয়ে পড়েন রাজু। আবার তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
রাজুর স্ত্রী সান্ত্বনা তালুকদার বলেন, ‘‘মোবাইল চোর সন্দেহে স্থানীয় কয়েক জন স্বামীকে মারধর করেছিল। তাতে খুবই অসুস্থ হয়ে পড়ে ও। ওকে বাড়ি ফিরিয়ে আনা হচ্ছিল। সেই সময় আবার রাস্তায় অসুস্থ হয়ে পড়ে ওর মৃত্যু হয়।’’