WB Education Minister

বিকাশ ভবনে গিয়ে শিক্ষা দফতরের কর্তাদের সঙ্গে কথা বললেন বিধায়ক স্বপন, তিনিই কি পরবর্তী শিক্ষামন্ত্রী?

রাসবিহারীর নবনির্বাচিত বিধায়ক স্বপন রাজ্যের পরবর্তী শিক্ষামন্ত্রী হতে পারেন বলে বিজেপির অন্দরে জল্পনা তৈরি হয়েছে বলে দলের একটি সূত্র জানাচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২১:৪০
Share:

রাসবিহারীর নবনির্বাচিত বিজেপি বিধায়ক স্বপন দাশগুপ্ত। —ফাইল চিত্র।

বিকাশ ভবনে গিয়ে রাজ্যের শিক্ষা দফতরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বললেন বিজেপি বিধায়ক স্বপন দাশগুপ্ত। নবান্নের একটি সূত্র জানাচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই বুধবার দুপুরে বিকাশ ভবনে গিয়ে শিক্ষা দফতরের কয়েক জন আধিকারিকের সঙ্গে বৈঠক করেন তিনি। এর পরেই তৈরি হয়েছে নতুন জল্পনা। রাসবিহারীর নবনির্বাচিত বিধায়ক স্বপন রাজ্যের পরবর্তী শিক্ষামন্ত্রী হতে পারেন বলে বিজেপির একটি সূত্র জানাচ্ছে।

Advertisement

গত শনিবার ব্রিগেডে রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু । তাঁর মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন পাঁচ জন। সেই তালিকায় রয়েছে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। সোমবার নতুন মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেন শুভেন্দু। পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণীসম্পদ দফতরের দায়িত্ব পেয়েছেন দিলীপ। অগ্নিমিত্রা পেয়েছেন নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর এবং পুর ও নগরোন্নয়ন দফতর। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ সামলাবেন ক্রীড়া ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। খাদ‍্য ও সরবরাহ দফতর গিয়েছে অশোকের হাতে। আদিবাসী উন্নয়ন দফতরের দায়িত্বে ক্ষুদিরাম। বাকি দফতরগুলি আপাতত সামলাবেন শুভেন্দু।

অর্থাৎ, এখনও আনুষ্ঠানিক ভাবে শিক্ষা দফতর কারও হাতে যায়নি। বুধবার নবান্নে বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শিক্ষা সংক্রান্ত নীতি, দফতরের দৈনন্দিন কাজকর্ম এবং চলতি প্রকল্পগুলির খোঁজখবর নেবেন স্বপন। যদিও মন্ত্রী হিসাবে মন্ত্রগুপ্তির শপথ না-নেওয়ায় তিনি কোনও ফাইল দেখতে পারবেন না। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের আগে গুরুত্বপূর্ণ দফতরগুলিতে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। নবান্ন সূত্রে খবর, খুব শীঘ্রই মন্ত্রিসভার পূর্ণাঙ্গ রূপরেখা ঘোষণা করা হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement