Calcutta High Court

বিকাশকে ঘিরে বিক্ষোভের সময় বিচারপতিকেও অবমাননা! ‘সকলকে চিহ্নিত করতে হবে’, বলল ক্রুদ্ধ হাই কোর্ট

কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ আদালত অবমাননার মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘আদালত এবং বিচারপতির বিরুদ্ধে এমন কোনও আচরণ করা যায় না।’’

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১২:৫৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কলকাতা হাই কোর্টের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে গত শুক্রবার বিক্ষোভ দেখিয়েছিলেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ। সেই সময় বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ার ঘটনায় আদালত অবমাননার মামলা করতে চেয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করলেন বার অ্যাসোসিয়েশনের কয়েক জন আইনজীবী।

Advertisement

প্রধান বিচারপতি এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আদালত অবমাননার মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘প্রথমত আদালত এবং বিচারপতির বিরুদ্ধে এমন কোনও আচরণ করা যায় না। রায় পছন্দ না হলে উচ্চতর আদালতে আবেদন করুন। এ ভাবে বিক্ষোভ দেখাবেন কেন? স্পষ্ট ভাষায় বলছি, এই কাজ করা যায় না। এঁদের সকলকে চিহ্নিত করতে হবে।’’

মামলাকারী আইনজীবীদের বক্তব্য, ওই ঘটনায় আইনজীবীদের অনেকেই আতঙ্কিত। বিচারপতি এবং আইনজীবীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা হয়েছে। ওই এলাকায় ১৪৪ ধারা ছিল। তার পরেও কী ভাবে এত জমায়েত হল? কেন পুলিশ কোনও পদক্ষেপ করল না? পুলিশ দর্শকের মতো দাঁড়িয়ে দেখেছে। প্রায় চার ঘণ্টা ধরে ওই বিক্ষোভের ঘটনা ঘটে। বিচারপতি বসুর ছবি পা দিয়ে মাড়িয়েও দেন বিক্ষোভকারীদের একাংশ।

Advertisement

ওই আইনজীবীদের আবেদন, পুলিশ কমিশনারকে রিপোর্ট দিতে বলা হোক। জানতে চাওয়া হোক, কেন বিচারপতি এবং বিচারব্যবস্থাকে বার বার নিশানা করা হচ্ছে। এর আগে বিচারপতি রাজাশেখর মান্থা সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করা হয়েছিল। তাঁদের অভিযোগ, বিক্ষোভকারীদের দু’জনকে চিহ্নিত করা গিয়েছে। তাঁরা মামলাকারী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement