— প্রতীকী চিত্র।
শবে বরাতে কোনও বেআইনি বা পরিবেশের ক্ষতি করে এমন বাজি পোড়ানো যাবে না। এই বিষয়টি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং পুলিশকে নিশ্চিত করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে না বলেও জানিয়ে দিল হাই কোর্ট।
কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ সোমবার নির্দেশ দিয়ে বলে, ‘‘অনুমতি নেই এবং পরিবেশের পক্ষে ক্ষতিকর এমন কোনও বাজি শবে বরাতের সময় পোড়ানো যাবে না।’’ এই বিষয়টি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পুলিশকে নিশ্চিত করতে হবে। উৎসবের সময় মামলাকারী এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও পুলিশকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
হাই কোর্টের এই নির্দেশের পরে কী পদক্ষেপ করা হয়েছে, তা নিয়ে একটি রিপোর্ট দিতে হবে আদালত। পরবর্তী শুনানির আগেই সেই রিপোর্ট দাখিল করতে হবে। এপ্রিল মাসে এই মামলার পরের শুনানি রয়েছে।
বুধবার শবে বরাতের জন্য রাজ্যে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। আবেদনকারী হাই কোর্টে পিটিশন দিয়ে জানান, ওই দিন কোনও বেআইনি বাজি যাতে না পোড়ানো হয়, তা নিশ্চিত করা হোক। বাজি পোড়ানোর সময়সীমাও বেঁধে দেওয়ার জন্য আবেদন জানান তিনি। সেই মামলা নিয়েই সোমবার নির্দেশ দিল হাই কোর্ট।