Calcutta High Court

‘নিখোঁজ’ মামলায় কোর্টে বিদ্ধ পুলিশ

বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ওই নিখোঁজের ব্যাপারে কোনও তদন্ত করা হয়নি। তিন বছর পর অভিযুক্তের বক্তব্য নেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৯
Share:

কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এক নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশি নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট।

বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ওই নিখোঁজের ব্যাপারে কোনও তদন্ত করা হয়নি। তিন বছর পর অভিযুক্তের বক্তব্য নেওয়া হয়েছে। অপহরণের অভিযোগ থাকা সত্ত্বেও অভিযুক্তকে হেফাজতে নেয়নি পুলিশ। এক জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিখোঁজ হলেও তাঁর মোবাইলের টাওয়ার লোকেশন সংক্রান্ত তথ্য বা ব্যাঙ্কের লেনদেনের তথ্য নিয়ে অনুসন্ধান হয়নি। ডিভিশন বেঞ্চের প্রশ্ন, “এ কি নেহাতই গাফিলতি না কি এই নিষ্ক্রিয়তার অন্য কারণ আছে?”

কোর্টের খবর, নিখোঁজ ব্যক্তি দক্ষিণ ২৪ পরগনার কুলতলির রাধাবল্লভপুরের বাসিন্দা। অভিযোগ, ২০২৩ সালের এপ্রিলে স্থানীয় কিছু দুষ্কৃতীর সঙ্গে জমি নিয়ে বিবাদ হয় ওই ব্যক্তির পরিবারের। এ-ও অভিযোগ, ওই দুষ্কৃতীরা হুমকি দিয়েছিল এবং সে দিনই ওই ব্যক্তি নিখোঁজ হন। ওই ব্যক্তির পরিবারের দাবি, কুলতলি থানায় অপহরণের অভিযোগ করা হলেও কোনও পদক্ষেপ করেনি পুলিশ। প্রায় তিন বছর পার হওয়ার পরে চলতি বছরে হাই কোর্টের দ্বারস্থ হন নিখোঁজ ব্যক্তির দাদা। সেই মামলার শুনানিতে কুলতলি থানার ওসিকে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। কোর্টে হাজির থাকলেও ‘গাফিলতির’ কোনও উপযুক্ত ব্যাখ্যা এ দিন দিতে পারেননি ওসি ও রাজ্যের আইনজীবী। আজ, বৃহস্পতিবার তদন্তকারী আধিকারিককে কোর্টে তলব করেছে ডিভিশন বেঞ্চ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন