Calcutta High Court

কর্মীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

এ দিন একটি মামলা ঘিরে ঘটনার সূত্রপাত। মামলাটি শুনানির জন্য উঠলে বিবাদী পক্ষের আইনজীবী অভিযোগ করেন যে আদালতের অনুমতি ছাড়া মামলাটি শুনানির তালিকায় উপরের দিকে নিয়ে আসা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৫
Share:

— প্রতীকী চিত্র।

বিচার্য মামলার শুনানি-তালিকায় ‘গরমিল’ নিয়ে এ বার কলকাতা হাই কোর্টের কর্মীদের একাংশের বিরুদ্ধেই পদক্ষেপ করলেন বিচারপতি কৃষ্ণ রাও। শুক্রবার এই গরমিল নিয়ে তদন্ত করে রেজিস্ট্রার জেনারেলকে উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দেন। পাশাপাশি এই গরমিলের বিষয়টি প্রধান বিচারপতিকেও জানাবেন বিচারপতি রাও। ২৬ ফেব্রুয়ারি এ বিষয়ে রেজিস্ট্রার জেনারেলকে রিপোর্টও দিতে বলেছেন বিচারপতি রাও।

এ দিন একটি মামলা ঘিরে ঘটনার সূত্রপাত। মামলাটি শুনানির জন্য উঠলে বিবাদী পক্ষের আইনজীবী অভিযোগ করেন যে আদালতের অনুমতি ছাড়া মামলাটি শুনানির তালিকায় উপরের দিকে নিয়ে আসা হয়েছে। মামলায় যুক্ত অন্য পক্ষদের শুনানির কোনও নোটিসও দেননি মামলাকারী। এর পরেই মামলাকারী এবং কোর্টের কর্মীদের উপরে উষ্মা প্রকাশ করেন বিচারপতি রাও। তাঁর মন্তব্য, ‘‘আমার অনুমতি ছাড়াই তালিকায় এগিয়ে এসেছে মামলা। আমার অজান্তেই গরমিল করা হচ্ছে এই কোর্টে। এই এজলাসে বিকেল সাড়ে ৪টের পর কী হচ্ছে?’’ প্রসঙ্গত, সাধারণত বিকেল সাড়ে চারটেয় শুনানি শেষে এজলাস ছাড়েন বিচারপতি। এ দিন বিচারপতির আরও মন্তব্য, ‘‘যে কর্মীরা এই কুকর্মের সাথে যুক্ত তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে হাই কোর্ট কর্তৃপক্ষকে। কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করব না।’’

উল্লেখ্য, এর আগে এজলাস থেকে মামলার নথি নিখোঁজ হওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি রাও। রীতিমতো বিরক্ত হয়ে তিনি বলেছিলেন, “এ বার থেকে কোর্টের কাজ শেষে আমিই হাফ প্যান্ট আর গেঞ্জি পরে মামলার নথি খুঁজতে বেরোব। আমিই নথি খুঁজে বার করব, আইনজীবীদের সওয়াল শুনব, নির্দেশও দেব।...’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন