Humayun Kabir

হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে জনস্বার্থ মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট, দিল মামলা প্রত্যাহারের অনুমতি

জেলা প্রশাসনের অনুমতি ছাড়া বেলডাঙায় বাবরি মসজিদের কাজ শুরু করেছেন ভরতপুরের সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন। এমনই অভিযোগে সম্প্রতি জনস্বার্থ মামলা দায়ের হয় হাই কোর্টে। বৃহস্পতিবার সেই মামলা খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১২:৩৩
Share:

বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। — ফাইল চিত্র।

মুর্শিদাবাদের বেলডাঙায় তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীরের বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা জনস্বার্থ মামলা প্রত্যাহার হল। মামলাকারী কৌনাইন রাজা আদালতে মামলাটি প্রত্যাহার করার কথা জানান। বৃহস্পতিবার হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ সেই অনুমতি দিয়েছে। দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, মামলার বিষয়বস্তু নিয়ে আদালত কোনও মন্তব্য করবে না।

Advertisement

জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই বেলডাঙায় বাবরি মসজিদের কাজ শুরু করেছেন ভরতপুরের সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন, এমন অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের হয় হাই কোর্টে। বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয় হাই কোর্টে। এই মামলাটি ত্রুটিপূর্ণ বলে আদালতে সওয়াল করেন বিপক্ষের আইনজীবীরা। ফলে আদালতের কোনও আবেদনই বিবেচনা করা উচিত নয় বলে তাঁদের বক্তব্য।

৬ ডিসেম্বর, অর্থাৎ অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দিন মুর্শিদাবাদে একই নামে একটি মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন। যখন থেকে হুমায়ুন মসজিদ প্রতিষ্ঠার দিনক্ষণ ঘোষণা করেছিলেন, তার পর থেকেই হুমায়ুনের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছিল তৃণমূল। মসজিদের শিলান্যাস নিয়ে জনস্বার্থ মামলা হয় হাই কোর্টে। মামলাকারীর দাবি ছিল, হুমায়ুনের মসজিদ নির্মাণের প্রস্তাব সংবিধানবিরোধী। সে সময়েও ওই মামলায় হস্তক্ষেপ করেনি উচ্চ আদালত। দুই বিচারপতির বেঞ্চ জানায়, আইনশৃঙ্খলা বজায় রেখে কর্মসূচির আয়োজন করতে হবে হুমায়ুনকে। রাজ্যকেও আইনশৃঙ্খলা রক্ষার নির্দেশ দেওয়া হয়।

Advertisement

(এই প্রতিবেদনটি প্রকাশের সময় প্রথমে লেখা হয়েছিল: কলকাতা হাই কোর্ট জনস্বার্থ মামলাটি খারিজ করে দিয়েছে। সেটি সঠিক নয়। ভুল গোচরে আসার পরই তা সংশোধন করা হয়েছে। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত এবং সংশ্লিষ্ট সব পক্ষের কাছে ক্ষমাপ্রার্থী)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement