Abhishek Banerjee

বিদেশযাত্রা মামলায় ফের দ্রুত শুনানির আবেদন অভিষেকের! খারিজ হল এ বারও, হাই কোর্ট বলল, শোনা হবে তালিকা মেনে

বিদেশ যেতে চেয়ে মামলায় দ্রুত শুনানি চেয়ে গত সপ্তাহেও হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক। তখনও তা খারিজ করে দেয় হাই কোর্ট। এ বার দ্বিতীয় বার দ্রুত শুনানির আর্জির পরেও তা খারিজ করল আদালত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১১:১৮
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

বিদেশযাত্রার আবেদনে ফের দ্রুত শুনানির আর্জি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এ বারও তা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। আদালত জানাল, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আর্জির শুনানি হবে তালিকা মেনেই।

Advertisement

গত মঙ্গলবারও এ বিষয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিষেকের আইনজীবী। দ্রুত শুনানির আর্জি জানান তিনি। তখনও সেই আর্জি খারিজ হয়ে যায়। আদালত জানায়, এখনই ওই মামলার শুনানি সম্ভব নয়। মামলার স্বাভাবিক প্রক্রিয়াতেই তা শুনানির জন্য তালিকায় আসবে। এ বারেও সেই একই কথা জানিয়ে দিল আদালত। সোমবার হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক। তাঁর হয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। তবে বিচারপতি ভট্টাচার্য জানিয়ে দেন, তালিকা অনুযায়ীই শুনানি হবে।

উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদে একটি দলীয় কর্মসূচি থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিষেক। ওই দুর্ঘটনায় চোখের নীচে গুরুতর চোট পান তিনি। প্রথমে দেশের একাধিক হাসপাতালে, পরে বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করান তিনি।

Advertisement

প্রাথমিক ভাবে জানা যায়, চোখের চিকিৎসার জন্যই বিদেশে যেতে চান অভিষেক। এই কারণে সাত দিনের জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছেন। একই সঙ্গে এ-ও জানা যায় যে, অভিষেকের বিদেশযাত্রার ক্ষেত্রে এমনিতে কোনও বাধা নেই। তবে একাধিক বিচারাধীন মামলায় তাঁর নাম রয়েছে। সেগুলির ক্ষেত্রে তদন্তে সহযোগিতা করতে বলেছে আদালত। এই পরিস্থিতিতে চোখের চিকিৎসার কারণে বিদেশ যেতে চেয়ে আদালতের অনুমতি চেয়েছেন অভিষেক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement