—প্রতিনিধিত্বমূলক ছবি।
বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তির কাজ প্রায় শেষ। তাই ওই দুই জেলার জন্য কর্মরত ১৭ জন বিচারককে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-পর্বে ‘বিবেচনাধীন’ ভোটারদের নিষ্পত্তির জন্য অন্য জেলায় পাঠাচ্ছে কলকাতা হাই কোর্ট।
বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট যে তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, ওই ১৭ জন বিচারকের মধ্যে ছ’জনকে মালদহে পাঠানো হচ্ছে। পাঁচ জন করে বিচারককে পাঠানো হচ্ছে মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর জেলায়। এক জনকে পাঠানো হচ্ছে দক্ষিণ ২৪ পরগনায়। প্রসঙ্গত, এসআইআর তালিকায় রাজ্যের ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিবেচনাধীন’ তালিকায় রয়েছে। যা খতিয়ে দেখছেন সুপ্রিম কোর্ট নিযুক্ত ওই বিচারবিভাগীয় আধিকারিকেরা। চূড়ান্ত তালিকার আংশিক প্রকাশের পরে ধাপে ধাপে আরও তালিকা প্রকাশের কথা। তবে এই ৬০ লক্ষের মধ্যে থেকে যাঁরা বাদ পড়বেন, তাঁদের আবেদন জানানোর জন্য বিকল্প পথও (ট্রাইবুনাল গঠন) মঙ্গলবারের নির্দেশে খুলে দিয়েছে শীর্ষ আদালত।
পাশাপাশি, তালিকা নিষ্পত্তির জন্য কলকাতা হাই কোর্ট যে বিচারকদের (এবং অবসরপ্রাপ্ত বিচারকদের) দায়িত্ব দিয়েছে, তাতে কমিশনকে হস্তক্ষেপ করতে নিষেধ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। যা নিয়ে খুশি রাজ্যের শাসকদল তৃণমূল। মঙ্গলবারের শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী (এবং তৃণমূলের সদ্যনির্বাচিত রাজ্যসভা সাংসদ) মেনকা গুরুস্বামী জানান, এখনও প্রায় ৫৭ লক্ষ ভোটারের তথ্য নিষ্পত্তি বাকি। তবে প্রধান বিচারপতি শুনানিতে বলেন, ‘‘কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি আমাদের জানিয়েছেন ১০ লক্ষ নিষ্পত্তি হয়েছে।’’ শীর্ষ আদালতের ওই নির্দেশের পরে বৃহস্পতিবার অতিরিক্ত তালিকা প্রকাশ এবং ট্রাইবুনাল গঠন নিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারও ওই বৈঠকে হাজির ছিলেন।