রাজ্যের ডাক্তারি জয়েন্ট আটকাতে মামলা

মেডিক্যালের জয়েন্ট এন্ট্রান্স নিয়ে সমস্যা যেন মিটেও মিটছে না। রাজ্যগুলি যাতে এ বছর মেডিক্যালের পৃথক জয়েন্ট নিতে না-পারে, সেই নির্দেশ দেওয়ার আবেদন নিয়ে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ব্যপম কেলেঙ্কারি ফাঁসের মূল হোতা, ইনদওরের চিকিৎসক আনন্দ রাই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৬ ০৩:৫৮
Share:

মেডিক্যালের জয়েন্ট এন্ট্রান্স নিয়ে সমস্যা যেন মিটেও মিটছে না। রাজ্যগুলি যাতে এ বছর মেডিক্যালের পৃথক জয়েন্ট নিতে না-পারে, সেই নির্দেশ দেওয়ার আবেদন নিয়ে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ব্যপম কেলেঙ্কারি ফাঁসের মূল হোতা, ইনদওরের চিকিৎসক আনন্দ রাই। তাঁর আবেদন, রাজ্যগুলি এ বারের মতো মেডিক্যাল জয়েন্ট নিতে পারবে বলে যে-অর্ডিন্যান্স জারি করা হয়েছে, সেটি অবিলম্বে বাতিল করা হোক।

Advertisement

সর্বোচ্চ আদালত ৯ মে নির্দেশ দেয়, কোনও রাজ্যই আর আলাদা মেডিক্যাল প্রবেশিকা নিতে পারবে না। চলতি শিক্ষাবর্ষ থেকে সারা দেশে ‘ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট’ (নিট) বা অভিন্ন প্রবেশিকার মাধ্যমে এমবিবিএস এবং বিডিএস-এ ছাত্র ভর্তি করতে হবে। বিভিন্ন রাজ্যের বক্তব্য, অভিন্ন প্রবেশিকায় আঞ্চলিক ভাষার পরীক্ষার্থীদের সমস্যায় পড়তে হবে। অন্তত এ বছরের জন্য রাজ্যগুলি যাতে প্রবেশিকা নিতে পারে, সেই জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। সেই আর্জির ভিত্তিতে ২৪ মে একটি অর্ডিন্যান্স আনা হয়। তাতে বলা হয়, শুধু চলতি শিক্ষাবর্ষের (২০১৬-’১৭) জন্য রাজ্যগুলি অভিন্ন প্রবেশিকার পাশাপাশি মেডিক্যালের জন্য তাদের আলাদা জয়েন্ট এন্ট্রান্স নিতে পারবে।

সেই অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ জানিয়েই সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুর এবং ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত বেঞ্চে আবেদন জানান ব্যপম-খ্যাত আনন্দ রাই। তিনি আবেদনে বলেছেন, ‘‘অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নেওয়ার কথা ২৪ জুলাই। তার মাত্র কিছু দিন আগে অর্ডিন্যান্স জারি করায় ছাত্রছাত্রীরাই সমস্যায় পড়েছেন।’’ এটা শীর্ষ আদালতের নির্দেশের সম্পূর্ণ উল্টো দিকে ঘুরে যাওয়ার সামিল বলেই মনে করেন রাই।

Advertisement

নতুন আবেদনটি বিচারপতি এ আর দাভে-র নেতৃত্বে গঠিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। মেডিক্যালের জয়েন্ট সংক্রান্ত আগেকার মামলার শুনানি হয়েছে ওই বেঞ্চেই।

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সজল দাশগুপ্ত রাতে বলেন, ‘‘এমন কোনও খবর পাইনি। নির্দেশ অনুযায়ী ২০ জুলাই এ রাজ্যে মেডিক্যালের পৃথক জয়েন্ট পরীক্ষা হবে। এতে কোনও বদল হচ্ছে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement