অগ্নি নির্বাপণ আইনের নতুন সংশোধনীর জেরে তাঁদের ব্যবসার নাভিশ্বাস উঠেছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছে ‘নর্থ বেঙ্গল ইন্ড্রাস্ট্রি অ্যাসোসিয়েশন’। তাদের বক্তব্য, নয়া সংশোধনীতে ফায়ার লাইসেন্স বা দমকলের ছাড়পত্র পেতে এখন আগের চেয়ে কয়েকশো গুণ বেশি মাসুল দিতে হচ্ছে। ওই সংশোধনী বাতিল করার আবেদন জানানো হয়েছে মামলার আবেদনে।
সংগঠনের আইনজীবী স্মরজিৎ রায়চৌধুরী শুক্রবার জানান, ২০০৪ সালের অগ্নি নির্বাপণ আইনের সংশোধনী আনা হয় গত বছরের ৩১ অগস্ট। তাতে তিন ধরনের মজুত পদার্থের উপরে নতুন হারে মাসুল ধার্য হয়েছে। রাসায়নিক নয়, এমন সব পদার্থ (পাট, তুলো, কাঠ, উলুঘাস ইত্যাদি)। দাহ্য পদার্থ (মিথাইল অ্যালকোহল, সালফার ইত্যাদি)। আপত্তিকর পদার্থ (সিনেমার ফিল্ম, নারকেল ছোবড়া, বাঁশ ইত্যাদি)। এই তিন ধরনের মজুত পদার্থের উপরেই নতুন হারে মাসুল গুনতে হবে ব্যবসায়ী-শিল্পপতিদের।
কী হারে মাসুল বাড়ানো হয়েছে, তার উদাহরণ দিয়ে সংগঠনের সম্পাদক সুরজিৎ পাল জানান, আগে ৫৫ হাজার ৯৯১ কিলোগ্রাম বা তার বেশি পাট মজুত করলে দমকলের লাইসেন্স পাওয়ার জন্য ১০ হাজার টাকা দিতে হত। এ বার দিতে হবে এক লক্ষ টাকা। আগে ৫০ মেট্রিক টন সালফার মজুত করতে হলে দিতে হত আট হাজার টাকা। এখন ৫০ লক্ষ টাকা লাগবে। এই হারে মাসুল বাড়লে ক্রেতারা কিনবেন কেন, প্রশ্ন ওই সংগঠন-কর্তার।