Mamata Banerjee

দিনভর জনসভা সেরে সন্ধ্যায় কালীঘাট মন্দিরে মমতা, নববর্ষের আগে পুজো দিলেন, আরতিও করলেন মুখ্যমন্ত্রী

কালীঘাট মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান। একই সঙ্গে বলেন, ‘‘বাংলার জন্য মায়ের কাছে প্রার্থনা করেছি।’’

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ২১:২৩
Share:

কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

সপ্তাহখানেক পরেই প্রথম দফার বিধানসভা ভোট রাজ্যে। প্রতি দিনই কোনও না কোনও দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করছেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা নববর্ষের আগের দিন মঙ্গলবার দিনভর জেলায় জেলায় ঘুরে সভা করেন তিনি। তার পরে সন্ধ্যায় সোজা চলে আসেন কালীঘাট মন্দিরে। নববর্ষের প্রাক্কালে, মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাট মন্দিরে পুজো দিলেন মমতা।

Advertisement

কালীঘাট মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান। একই সঙ্গে বলেন, ‘‘বাংলার জন্য মায়ের কাছে প্রার্থনা করেছি।’’ কালীঘাট মন্দিরে শাড়ি এবং অন্যান্য পুজোর সামগ্রী দিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী। নিজে হাতে আরতিও করেন। মন্দির চত্বরে ঘুরে ঘুরে পুজো দিতে দেখা যায় তাঁকে।

মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরের মতোই এ বারও বাংলা নতুন বছর শুরুর আগে সকলের মঙ্গলকামনায় কালীঘাটে পুজো দিলেন তিনি। তবে কালীঘাট মন্দিরে আসার আগে মঙ্গলবার সকাল থেকেই একের পর এক জনসভা করেন মমতা। প্রথম সভা ছিল পশ্চিম মেদিনীপুরের পিংলায়। সবং কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া এবং পিংলা কেন্দ্রের প্রার্থী অজিত মাইতির সমর্থনে ওই সভা করেন। তার পরে তিনি সোজা চলে যান শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে। তমলুকের তৃণমূলপ্রার্থীর সমর্থনে সভা করে চলে যান হাওড়া। জগৎবল্লভপুরে তিনি দিনের শেষ সভাটি করেন। সেই সভা সেরেই কলকাতায় ফেরেন মমতা। বাড়ি থেকে ঘুরে যান কালীঘাটের মন্দিরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement