Mamata Banerjee on ECI

সোমবার বিকেল ৪টের সময় দিল্লিতে কমিশনের দফতরে যাবেন! জ্ঞানেশ-সাক্ষাতের সময় জানিয়ে দিলেন মমতা

সোমবার বিকেল ৪টেয় দিল্লিতে কমিশনের সদর দফতর নির্বাচন সদনে যাবেন মমতা। যাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ কয়েক জন সাংসদ। এ ছাড়া, ‘এসআইআর আতঙ্কে’ মৃতদের পরিবারের কয়েক জন সদস্য তৃণমূলের প্রতিনিধিদলে থাকতে পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৪
Share:

(বাঁ দিকে) জ্ঞানেশ কুমার এবং মমতা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। —ফাইল চিত্র।

আগামী সোমবার তৃণমূলের প্রতিনিধিদল কখন নির্বাচন কমিশনের সদর দফতরে যাবে, তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দিল্লি যাওয়ার আগে দমদম বিমানবন্দরে মুখ্যমন্ত্রী জানান, কমিশনের তরফে সোমবার বিকেল ৪টেয় তাঁদের সময় দেওয়া হয়েছে। দিল্লি সফরে তাঁর কী কী কর্মসূচি রয়েছে, তা-ও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

মমতা জানান, দিল্লি গিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করা ছাড়াও দলের সাংসদদের সঙ্গে দেখা করবেন তিনি। এর পাশাপাশি রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর নামে কী ভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করা হচ্ছে, তা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরার কথাও জানিয়েছেন তিনি। এসআইআর নিয়ে প্রতিবাদ জোরদার করতে দিল্লিতে তিনি অন্য বিরোধী দলের নেতা-নেত্রীর সঙ্গে দেখা করবেন কি না, তা অবশ্য রবিবার খোলসা করতে চাননি মুখ্যমন্ত্রী।

সোমবার বিকেল ৪টেয় দিল্লিতে কমিশনের সদর দফতর নির্বাচন সদনে যাবেন মমতা। যাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ কয়েক জন সাংসদ। এ ছাড়া, ‘এসআইআর আতঙ্কে’ মৃতদের পরিবারের কয়েক জন সদস্য তৃণমূলের প্রতিনিধিদলে থাকতে পারেন। রবিবার মমতা জানিয়েছেন, কমিশনের দফতর থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন তাঁরা।

Advertisement

এসআইআর-এর কাজ নিয়ে আপত্তি জানিয়ে শনিবার ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। এর আগে এই সংক্রান্ত পাঁচটি চিঠি দিয়েছিলেন তিনি। ষষ্ঠ চিঠিতে মমতা অভিযোগ করেন যে, ভোটার তালিকা সংশোধনের নামে কমিশন যে পদ্ধতি ও দৃষ্টিভঙ্গি অনুসরণ করছে, তা জনপ্রতিনিধিত্ব আইন এবং তার অধীনে প্রণীত বিধি-বিধানের সীমা অতিক্রম করেছে। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, এই প্রক্রিয়া সাধারণ মানুষের মধ্যে চরম ভোগান্তি, আতঙ্ক এবং অনিশ্চয়তা তৈরি করছে।

রবিবারও বিজেপিকে নিশানা করতে গিয়ে কমিশনকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বিজেপি রাজনৈতিক ভাবে লড়াই করতে না-পেরে নির্বাচন কমিশন এবং বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করছে। এই ভাবে পদ্মশিবির হরিয়ানা, মহারাষ্ট্রে জিতেছে বলে দাবি করেন তিনি। এই সূত্রেই চার রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের ফলও আগাম জানিয়ে দিয়েছেন মমতা। তৃণমূলনেত্রীর বক্তব্য, পশ্চিমবঙ্গে তো বটেই, কেরল, তামিলনাড়ু এবং অসমের বিধানসভা নির্বাচনেও বিজেপি হারবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement