CM Suvendu Adhikari in Diamond Harbour

অভিষেকের গড়ে শনিবার প্রথম প্রশাসনিক সভা করতে যাচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু, নজরে কি ফলতা বিধানসভার নির্বাচন?

অভিষেকের গড় থেকেই নিজের প্রশাসনিক কর্মসূচি শুরু করতে চলেছেন শুভেন্দু। তবে মুখ্যমন্ত্রীর এই সফরকে অনেকেই ফলতা বিধানসভার ভোটের আগে শাসকদলের রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ২০:৫৫
Share:

(বাঁ দিকে) অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী (ডান দিকে)। —ফাইল চিত্র।

নবগঠিত রাজ্য সরকারের প্রথম প্রশাসনিক বৈঠক করতে ডায়মন্ড হারবারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক পালাবদলের আগে পর্যন্ত ডায়মন্ড হারবারকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হিসেবেই মনে করা হত। কারণ, বর্তমানে ডায়মন্ড হারবার লোকসভার সাংসদও তিনিই। সেখান থেকেই নিজের প্রশাসনিক কর্মসূচি শুরু করতে চলেছেন শুভেন্দু। তবে মুখ্যমন্ত্রীর এই সফরকে অনেকেই ফলতা বিধানসভার ভোটের আগে শাসকদলের রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন।

Advertisement

২০১৪ সাল থেকে টানা তিন বার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন অভিষেক। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি এই কেন্দ্র থেকে ৭ লক্ষ ১১ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন। যদিও এ বারের বিধানসভা নির্বাচনে সেই ব্যবধান অনেকটাই কমেছে। তাই মনে করা হচ্ছে, নিজের প্রশাসনিক বৈঠক থেকে ডায়মন্ড হারবারের মানুষের জন্য একাধিক প্রকল্প বা উন্নয়নমূলক ঘোষণা করতে পারেন শুভেন্দু। বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে ডায়মন্ড হারবার সফরের কর্মসূচি চূড়ান্ত হয়েছে। নবান্ন সূত্রে খবর, একটি প্রশাসনিক বৈঠকের পাশাপাশি বিজেপির একটি কর্মী সম্মেলনেও যোগ দিতে পারেন নতুন মুখ্যমন্ত্রী। আগামী ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট। দ্বিতীয় দফায় সেখানে ভোটগ্রহণ হলেও পরে নির্বাচন কমিশন সেই ভোট বাতিল করে নতুন করে ২১ মে ভোটগ্রহণ এবং ২৪ মে গণনার দিন ঘোষণা করেছে। বর্তমানে সেখানে শাসক ও বিরোধী— উভয় পক্ষই জোরকদমে প্রচার চালাচ্ছে।

এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে ঘিরে ভোটের সময় কম বিতর্ক হয়নি। পরিস্থিতি সামাল দিতে উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয়পাল সিংহকেও আনা হয়েছিল। তা নিয়েও চলে তরজা। তবে ৪ মে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডার পক্ষে হাওয়া তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

Advertisement

৪ মে বিধানসভা নির্বাচনে তৃণমূল বড় ধাক্কা খেয়েছে। সেই নির্বাচনে জয়লাভের পর ৯ মে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু। দায়িত্ব নেওয়ার পর প্রথম কয়েক দিন তিনি প্রশাসনিক বৈঠক এবং বিধানসভার কর্মসূচি নিয়েই ব্যস্ত ছিলেন। তবে শুক্রবার স্পিকার নির্বাচন সম্পন্ন হয়ে গেলে বিধানসভার ব্যস্ততা কিছুটা কমবে। সেই সুযোগেই অভিষেকের সংসদীয় এলাকায় প্রশাসনিক বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীন বিধানসভাগুলিতে বিজেপি এ বার কিছুটা জমি শক্ত করতে সক্ষম হয়েছে। সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সোমাশ্রী বেতালকে ৪০১ ভোটে পরাজিত করেছেন বিজেপির অগ্নীশ্বর নস্কর। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মুখ্যমন্ত্রীর এই সফরের রাজনৈতিক প্রভাব ফলতা কেন্দ্রের উপনির্বাচনেও পড়তে পারে এবং তার সুফল পেতে পারেন বিজেপি প্রার্থী দেবাংশু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement