LPG Cylinder Price

ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম! মে মাসের শুরুতেই বৃদ্ধি পেয়েছিল প্রায় হাজার টাকা, কলকাতায় কত হল দাম?

দেশে যে পরিমাণ এলপিজি-র চাহিদা রয়েছে, তার ৬০ শতাংশই আমদানি করা হয়। এই আমদানিকৃত এলপিজি-র মধ্যে প্রায় ৯০ শতাংশ আসে হরমুজ় প্রণালী হয়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ২২:০৫
Share:

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার। —ফাইল চিত্র।

ফের বৃদ্ধি পেল বাণিজ্যিক গ্যাসের দাম। মে মাসের শুরুতে এক ধাক্কায় প্রায় হাজার টাকার কাছাকাছি বৃদ্ধি পেয়েছিল রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের দাম। এ বার তা আরও ৫৩ টাকা ৫০ পয়সা বৃদ্ধি করা হল। সোমবার (১ জুন থেকে) থেকে কলকাতায় সিলিন্ডারপিছু বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পেয়ে হবে ৩২৫৫ টাকা ৫০ পয়সা।

Advertisement

চলতি বছরের শুরু থেকে ধারাবাহিক ভাবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি পাচ্ছে। জানুয়ারি মাসে ৪৯ টাকা ৫০ পয়সা, ফেব্রুয়ারিতে ৩১ টাকা, মার্চে ১১৪ টাকা ৫০ পয়সা এবং এপ্রিল মাসে ২১৮ টাকা দাম বাড়ানো হয়েছিল। এরই মধ্যে গত ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হয়। গোটা বিশ্বে জ্বালানি সরবরাহের উপর তার প্রভাব পড়ে। এরই মধ্যে মে মাসের শুরুতে সিলিন্ডারপিছু বাণিজ্যিক গ্যাসের দাম এক লাফে ৯৯৪ টাকা বৃদ্ধি পায়। এ বার তা আরও ৫৩ টাকা ৫০ পয়সা বাড়ানো হল। আগামী সোমবার থেকে এই বর্ধিত মূল্য কার্যকর হবে। যদিও গৃহস্থের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই রয়েছে। ১৪.২ কেজির সিলিন্ডার পাওয়া যাবে ৯৩৯ টাকাতেই।

বাণিজ্যিক সিলিন্ডারের দাম ধারাবাহিক ভাবে বৃদ্ধি পেতে থাকায় হোটেল, রেস্তরাঁ এবং খাবারের দোকানের ব্যবসায়ীদের একাংশ ধাক্কা খেয়েছেন। এই ধরনের ক্ষেত্রগুলিতে ব্যবসা মূলত গ্যাসের উপরেই নির্ভর করে। ফলে অনেক ক্ষেত্রেই রাস্তার ধারে ছোট ছোট দোকানগুলিতে খাবারের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। পরোক্ষে সাধারণ মানুষের উপরেও তার প্রভাব পড়তে পারে।

Advertisement

উল্লেখ্য, পশ্চিম এশিয়ার অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে এলপিজি সরবরাহ ঘিরেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি রান্নার গ্যাস ব্যবহারের ক্ষেত্রে দেশবাসীকে সংযমী হওয়ার আর্জি জানিয়েছেন। প্রসঙ্গত, দেশে যে পরিমাণ এলপিজি-র চাহিদা রয়েছে, তার ৬০ শতাংশই আমদানি করা হয়। এই আমদানিকৃত এলপিজি-র মধ্যে প্রায় ৯০ শতাংশ আসে হরমুজ় প্রণালী হয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement