Coronavirus

দৈনিক সুস্থতার সংখ্যা কমায় উদ্বেগ বাড়ছে, বাড়তির দিকে নতুন সংক্রমণও

শুক্রবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬২৬ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৪৯ হাজার ১৩১।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২০ ২২:৩২
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ফের বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। পাশাপাশি কমল দৈনিক সুস্থতাও। গত ১৫ নভেম্বর দৈনিক সুস্থতা এক লাফে অনেকটা নেমে আসে। কিন্তু এক দিন যেতে না যেতেই ফের সংক্রমণ বাড়তে শুরু করে। ১৬ নভেম্বর দৈনিক সংক্রমণ ছিল সবচেয়ে কম, ৩ হাজার ১২। ১৭ নভেম্বর থেকে ফের এক লাফে সংক্রমণ বাড়ে। গত চার দিন ধরে সেই প্রবণতাই বজায় রয়েছে।

Advertisement

দিন পাঁচেক আগে দৈনিক সংক্রমণ অনেকটা কমে যাওয়ায় বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন এখনই উচ্ছ্বসিত হওয়ার কোনও কারণ নেই। আগামী কয়েক দিন এই প্রবণতা থাকে কি না সেটা দেখতে হবে। সেই প্রবণতা কিন্তু টেকেনি। স্বাস্থ্য দফতরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬২৬ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৪৯ হাজার ১৩১।

দৈনিক সংক্রমণ যেমন বেড়েছে, কমেছে দৈনিক সুস্থতার সংখ্যাও। যদিও দৈনিক আক্রান্তের থেকে সুস্থতার সংখ্যা বেশি— এই প্রবণতাটা বজায় রয়েছে। তবে নভেম্বরের গোড়া থেকে যে ভাবে দৈনিক সুস্থতার সংখ্যাটা টানা ১৮ দিন ধরে ৪ হাজারের উপরে ছিল, ১৯ নভেম্বর থেকে সেই সংখ্যাটা ৪ হাজারের নীচে নেমে গিয়েছে। ওই দিন সংখ্যাটা ছিল ৩ হাজার ৯৯০। এ দিন তার থেকেও কমেছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৫০ জন। ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ১৫ হাজার ৬০৯। এ দিন সুস্থতার হার ৯২.৫৪ শতাংশ।

Advertisement

হঠাত্ করে দৈনিক সংক্রমণ বেড়ে যাওয়া, দৈনিক সুস্থতা কমা এবং সেই সঙ্গে দৈনিক মৃত্যুর গ্রাফটাও একই জায়গায় দাঁড়িয়ে থাকায় ফের আশঙ্কার মেঘ দেখছে রাজ্য প্রশাসন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫০ জনের। ফলে মৃত্যুর সংখ্যা প্রায় ৮ হাজার ছুঁতে চলেছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৯২৩।

দৈনিক সংক্রমণের দিক থেকে কলকাতা শীর্ষে। সেখানে ৮৮০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১০ জনের। দৈনিক সংক্রমণে তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। ৭৭৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এই জেলায়। মৃত্যু হয়েছে ১৬ জনের।

(গ্রাফে হোভার টাচ করলে দিনের পরিসংখ্যান দেখা যাবে)

সংক্রমণের হারও এ দিন কিছুটা বেড়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী এ দিন সংক্রমণের হার ৮.২১ শতাংশ। বৃহস্পতিবার যা ছিল ৮.১৮ শতাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement