কলকাতা প্রেস ক্লাবে সিপিআই (এম - এল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য ও রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার। — নিজস্ব চিত্র।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়ায় নাম বাদ যাওয়া মানুষের অধিকার লঙ্ঘিত বলে অভিযোগ তুলে ফের সরব হল সিপিআই (এম-এল) লিবারেশন। ট্রাইবুনালের স্বচ্ছতা, দ্রুত আবেদন নিষ্পত্তির দাবিকে সামনে রেখে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলাও করতে চলেছে তারা।
কলকাতা প্রেস ক্লাবে সোমবার লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেছেন, “পশ্চিমবঙ্গে নতুন অধিকারহীন একটি গোষ্ঠী তৈরি করা হয়েছে, যাঁরা এসআইআর-উৎপীড়িত। আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ না-দিয়েই এই মানুষদের নাম কাটা হয়েছে।” একই সুরে দলের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদারের আশঙ্কা, “ট্রাইবুনালে ৩৪-৩৫ লক্ষ মানুষ আবেদন জানালেও নিষ্পত্তি হয়েছে ১৬০৪টির মতো। যে গতিতে এই প্রক্রিয়া চলছে, তাতে পুর-নির্বাচন, লোকসভা নির্বাচনের আগেও বাকি আবেদনগুলির নিষ্পত্তি হবে কি না সংশয় রয়েছে! পাশাপাশি, ১৯টি ট্রাইবুনাল থাকলেও, ব্লক-ভিত্তিক কোনও ট্রাইবুনাল নেই।” পাশাপাশি, নাম বাদ যাওয়া মানুষের রেশন-সহ কোনও সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ করা যাবে না বলেও লিবারেশন দাবি তুলেছে। এই পরিস্থিতিতে জনস্বার্থ মামলা দায়েরের পাশাপাশি নাম বাদ যাওয়া ২০ হাজার মানুষের সই-সহ আবেদন আগামী মাসে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে বাম দলটির। এর আগে মুর্শিদাবাদ-মালদহের জন্য ব্লক-ভিত্তিক ট্রাইবুনাল চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে